ওভাল অফিসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউসে গেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়ী জোরান মামদানি।
নিউ ইয়র্ক সিটি নির্বাচনের পুরো প্রচারকাল ও নির্বাচনের দিন বাকযুদ্ধ শেষে শুক্রবার প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন এ দুই নেতা।
আইউইটনেস নিউজ জানায়, প্রগতিশীল ডেমোক্র্যাট মামদানির নীতিগুলোকে অবজ্ঞা করে বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প।
অন্যদিকে মামদানি বলেন, এজেন্ডাগুলো নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউসের বৈঠকের জন্য মুখিয়ে আছেন তিনি। এসব এজেন্ডার মধ্যে রয়েছে ‘কেনার সামর্থ্যের জাতীয় সংকট’।
হোয়াইট হাউসে পৌঁছানোর আগে বিমানে করে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার ছবি পোস্ট করেন মামদানি।
এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বড় ধরনের পার্থক্য থাকা সত্ত্বে ট্রাম্পের সঙ্গে সাধারণ কিছু বিন্দুতে মিলিত হওয়ার আশা করছেন তিনি।
মামদানির ভাষ্য, তার টিম হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে এ জন্য যে, নিউ ইয়র্ক সিটিকে সাশ্রয়ী রাখা নিয়ে কাজ করা যে কারও সঙ্গে তিনি কাজ করবেন।
মেয়র পদে জয়ী ডেমোক্র্যাট আরও বলেন, নিউ ইয়র্কবাসীকে সুবিধা দেয়, এমন যেকোনো এজেন্ডা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান তিনি।