রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেইটগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তায় ৮৪৬ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ অনুমোদনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে স্টেইটগুলোতে আসন্ন নির্বাচনে নিজ সমর্থিত প্রার্থীদের প্রশংসা ও প্রচারণা চালিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে মঙ্গলবার ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দুর্যোগ ব্যবস্থাপনায় আবেদনের প্রেক্ষিতে চমৎকার স্টেইট লুইজিয়ানা ৮ দশমিক ৬ ডলারের অনুমোদন পেয়েছে। গভর্নর জেফ ল্যান্ড্রি, সেনেটর জন কেনেডি, সেনেটর প্রার্থী জুলিয়া লেটলো, হাউস স্পিকার মাইক জনসন, হাউস মেজোরিটি লিডার স্টিভ স্কেলিস এবং কংগ্রেসম্যান ক্লে হিগিন্সকে নিয়ে লুইজিয়ানা সত্যিই একটি বিশেষ জায়গা।’
এছাড়াও একইদিনে ফ্লোরিডা, জর্জিয়াসহ নয়টি স্টেইটের জন্য দুর্যোগ সহায়তা অনুমোদনের ঘোষণা দেন ট্রাম্প, যে অঞ্চলগুলো মূলত ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেছিল।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, নিরপেক্ষ গবেষণা প্রতিষ্ঠান আরবান ইনস্টিটিউটের বিশ্লেষণে দেখা গেছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ২০২৪ সালের নির্বাচনে তাকে ভোট দেওয়া স্টেইটগুলোর প্রায় ৮৪ শতাংশ দুর্যোগ সহায়তার আবেদন অনুমোদিত হয়েছে। অন্যদিকে কামালা হ্যারিসকে ভোট দেওয়া স্টেইটগুলোর ক্ষেত্রে অনুমোদনের হার ছিল প্রায় ৪২ শতাংশ।
এর আগে কলোরাডো ও ওয়াশিংটনের মতো ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত স্টেইটগুলোর দুর্যোগ সহায়তার আবেদন ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করে। ডেমোক্র্যাটদের অভিযোগ, দুর্যোগ সহায়তা অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা করা হচ্ছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলে, স্ট্যাফোর্ড আইনের আওতায় প্রতিটি আবেদন সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হয় এবং করদাতাদের অর্থ যথাযথভাবে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেই সিদ্ধান্ত নেওয়া হয়।
ট্রাম্প প্রশাসনের দাবি, দুর্যোগ সহায়তা প্রদানে কোনো রাজনৈতিক পক্ষপাত করা হচ্ছে না।
এদিকে দুর্যোগ সহায়তার আবেদন মূল্যায়ন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা চেয়ে গত জুনে ১৫ জন ডেমোক্র্যাটিক সেনেটর ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি করেছেন। তাদের অভিযোগ, নতুন পর্যালোচনা প্রক্রিয়ায় কী মানদণ্ড ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে প্রশাসন কোনো স্পষ্ট তথ্য দেয়নি।