


প্রকাশিত: অক্টোবর ২০ ২০২৬, ১২:৩৪ হালনাগাদ: অক্টোবর ২০ ২০২৬, ১৩:৩৮

আমেরিকান ডলারের ওপর কয়েকটি ওষুধ সংবলতি গ্রাফিক্স চিত্র। ছবি: রয়টার্স
আগামী বছর আমেরিকান সরকারি স্বাস্থ্যবীমা কর্মসূচীতে বড় ধরনের পরিবর্তন আনছে মেডিকেয়ার। যার ফলে ওষুধের দাম বৃদ্ধি, বেসরকারি বীমা কোম্পানিগুলো কর্তৃক সুবিধা কমে যাওয়া, স্বাস্থ্যখাতে ভর্তুকি বন্ধসহ একধিক অসুবিধার মুখোমুখি হবেন মেডিয়াকেয়ারের সুবিধাভোগী ৬৫ বছর বা তদোর্ধ্ব আমেরিকান নাগরিকরা।
চলতি বছর শুরু হওয়া বার্ষিক নিবন্ধন কার্যক্রম শেষ হবার পর নতুন পরিবর্তনগুলো চালু হবে। ৭ ডিসেম্বর নিবন্ধন শেষ হওয়ার আগে বড় পরিবর্তনগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।
কমছে মেডিকেয়ার অ্যাডভান্টেজ সুবিধা
আগামী বছর থেকে স্বাস্থ্য সুবিধাভোগীদের জন্য কমছে বেসরকারি বিমা কোম্পানিগুলোর আওতাধীন মেডিকেয়ার অ্যাডভান্টেজ পরিককল্পনার সংখ্যা। যার ফলে স্বাস্থ্যবিমা বেছে নিতে নতুন বিমা পরিকল্পনা খুঁজতে হবে অনেককে। একইসঙ্গে প্রয়োজনীয় স্বাস্থ্যবীমা থেকে বঞ্চিত হবেন অনেকে।
আমেরিকায় স্বাস্থ্যনীতি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কেএফএফ জানিয়েছে, ২০২৬ সালে একজন মেডিকেয়ারের গ্রাহকের জন্য বিমা কোম্পানিগুলো কর্তৃক স্বাস্থ্যবিমা বেছে নিতে পরিকল্পনার সংখ্যা ছিল ৩৯টি। ২০২৭ সালে এ সংখ্যা দাঁড়াবে ৩৫টিতে।
কেএফএফ আরও জানায়, কিছু গ্রাহক ব্যবস্থাপত্রের ওষুধের সুবিধাসহ মেডিকেয়ার অ্যাডভান্টেজ পরিকল্পনার সুবিধা হারাবেন। এসব পরিকল্পনা নির্দিষ্ট কাউন্টি বা প্রশাসনিক এলাকার ভিত্তিতে দেওয়া হয়।
সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, মেডিকেয়ার অ্যাডভান্টেজের প্রায় ১ শতাংশ গ্রাহক সাধারণ নিবন্ধনকালেও ব্যবস্থাপত্রের ওষুধের সুবিধাসহ কোনো পরিকল্পনা পাবেন না। ২০২৬ সালে এমন কাউন্টির সংখ্যা ছিল ১২৩টি, যা ২০২৭ সালে বেড়ে ১৯৩টিতে দাঁড়াবে।
অন্যদিকে মেডিকেয়ার পরিচালনাকারী সরকারি সংস্থা সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস-সিএমএস জানিয়েছে, আগামী বছর মেডিকেয়ার অ্যাডভান্টেজের আওতায় ব্যবস্থাপত্রের ওষুধের জন্য গড় প্রিমিয়াম বা বিমার নিয়মিত কিস্তি৩০ শতাংশের বেশি কমতে পারে।
উল্লেখ্য, মেডিকেয়ার অ্যাডভান্টেজ পরিকল্পনার আওতায় আছেন প্রায় সাড়ে ৩ কোটি গ্রাহক।
ওষুধ ক্রয়ে ভর্তুকি বন্ধ
মেডিকেয়ারের আওতাধীন বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের ওষুধ খরচ সীমিত করতে পার্ট ডি ভর্তুকি তথা ওষুধ ক্রয়ে ভর্তুকি সেবা বন্ধ করতে যাচ্ছে ফেডারেল সরকার।
এ বিষয়ে এক ফেডারেল কর্মকর্তা জানান, ভর্তুকি বন্ধের ফলে ওষুধের খরচ বাড়তে পারে। পাশাপাশি সুবিধা ভোগীদের প্রায় অর্ধেকের বেশি বিমার কিস্তি বাড়তে পারে।
এর আগে চলতি বছরের শুরুতে বয়স্ক ব্যক্তিদের ওষুধের বিমার কিস্তি সীমিত রাখতে চালু করা একটি গুরুত্বপূর্ণ ভর্তুকি কর্মসূচী সাময়িকভাবে বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
গ্রাহকের বেশি অর্থ প্রদান
মেডিকেয়ার পার্ট ডি'র আওতায় ভর্তুকি বন্ধের ফলে গ্রাহকদের ব্যক্তিগতভাবে বেশি অর্থ প্রদান করতে হবে। বিমার সুবিধা কার্যকর হওয়ার আগে এতদিন সুবিধাভোগীরা নিজ অর্থ ব্যয় করতেন ৬১৫ ডলার। তবে নতুন পরিবর্তনে খরচ বৃদ্ধি পেয়ে ৭০০ ডলার হবে।
