Skip to main content

এবার জেন জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩ ২০২৫, ২০:৩৮ হালনাগাদ: এপ্রিল ৩ ২০২৬, ৫:১১

মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোলিনা। ছবি: রয়টার্স

মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোলিনা। ছবি: রয়টার্স

  • 0

বিরোধী দলের প্রধান ও অন্য কর্মকর্তারা সোমবার এ তথ্য জানান বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জেনারেশন জেড তথা জেন জির বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোলিনা।

বিরোধী দলের প্রধান ও অন্য কর্মকর্তারা সোমবার এ তথ্য জানান বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েক সপ্তাহ ধরে চলা জেন জি বিক্ষোভের মধ্যে সরকার পতন দেখল পূর্ব আফ্রিকার দেশটির জনগণ।

মাদাগাস্কারের পার্লামেন্টে বিরোধী দলের নেতা সিটেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে জানান, সেনাবাহিনীর একাধিক ইউনিট পক্ষত্যাগ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর রবিবার দেশ ছাড়েন রাজোলিনা।

সদ্য সাবেক প্রেসিডেন্টের বর্তমান অবস্থান অজানা জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রেসিডেন্ট দপ্তরের কর্মীকে কল করেছিলাম এবং তারা নিশ্চিত করেছেন যে, তিনি (রাজোলিনা) দেশ ছেড়েছেন।’

এর আগে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছিল, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাজোলিনা।

এ বিষয়ে জানতে চেয়ে রয়টার্সের করা প্রশ্নের কোনো উত্তর দেয়নি প্রেসিডেন্টের দপ্তর।

সামরিক একটি সূত্র রয়টার্সকে জানায়, ফ্রান্সের সামরিক বিমানে করে রবিবার দেশ ছাড়েন রাজোলিনা।

ফ্রান্সের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন রেডিও আরএফআই জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে চুক্তি করেছেন মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট।

সূত্রটি রয়টার্সকে আরও জানায়, ফরাসি সেনাবাহিনীর ক্যাসা বিমান রবিবার মাদাগাস্কারের সেইন্ট ম্যারি বিমানবন্দরে অবতরণ করে। পাঁচ মিনিট পর বিমানবন্দরে একটি হেলিকপ্টার আসে। সে হেলিকপ্টারের যাত্রীকে ক্যাসাতে স্থানান্তর করা হয়।

রাজোলিনা হেলিকপ্টারটিতে ছিলেন বলেও জানিয়েছে সূত্রটি।

পানি ও বিদ্যুৎ স্বল্পতার কারণে ফ্রান্সের সাবেক উপনিবেশ মাদাগাস্কারে গত ২৫ সেপ্টেম্বর বিক্ষোভ শুরু হয়, তবে দুর্নীতি, অপশাসন ও নিত্যপ্রয়োজনীয় সেবার অপ্রতুলতার মতো দুঃখগুলো সে বিক্ষোভকে দ্রুতই অভ্যুত্থানে রূপ দেয়।

ক্ষমতাসীনদের বিরুদ্ধে সম্প্রতি নেপাল ও মরক্কোতে বিক্ষোভ করেন জেন জি তরুণরা। বিক্ষোভের মুখে সরকার পতন হয় নেপালে।