দীর্ঘ অচলাবস্থার পর গত শুক্রবার পাকিস্তানের মধ্যস্থতায় একটি সম্ভাব্য শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া প্রকাশ করেছিল অ্যামেরিকা-ইরান।
চলতি সপ্তাহজুড়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার কূটনৈতিক প্রতিনিধিরাও বারবার ইঙ্গিত দিচ্ছিলেন, দ্রুতই শান্তি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। তবে আবারও এ সব বক্তব্য ও আশায় পানি ঢেলে দিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই আজ সোমবার জানান, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনায় বেশ কিছু অগ্রগতি হলেও শান্তি চুক্তি এখনই আসন্ন নয়।
তিনি বলেন, ‘এটা ঠিক যে আলোচনাধীন বিষয়গুলোর বড় একটি অংশে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। কিন্তু এর মানে এই নয় যে চুক্তি স্বাক্ষর খুবই কাছাকাছি—এমন দাবি কেউ করতে পারে না।’
এদিকে গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। যদিও পরে ট্রাম্প বলেন, তিনি আলোচকদের “তাড়াহুড়ো না করতে” নির্দেশ দিয়েছেন।
একইসঙ্গে ট্রাম্পের স্টেইট সেক্রেটারি মার্কো রুবিও বলেছিলেন, সোমবারের মধ্যে দুই দেশের মধ্যে সমঝোতা হতে পারে।
আজ ভারতের নয়াদিল্লিতে অবস্থানকালে রুবিও বলেন, ‘আমরা ভেবেছিলাম গতকাল রাতের ভিতর অথবা আজ হয়তো কোনো খবর পাব।’
এদিকে অ্যামেরিকান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্ভাব্য যে চুক্তি নিয়ে আলোচনা চলছে, সেটিও চূড়ান্ত নয়। এরপরও কিছু জটিল বিষয় আলোচনার জন্য থেকে যাবে।