প্রয়াত শিশু যৌন নীপিড়ক ও নারী পাচারকারী জেফ্রি এপস্টিনের সঙ্গে কাটানো প্রতিটা মিনিটের জন্য অনুতাপ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
অস্ট্রেলিয়ার নাইন নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে বুধবার শীর্ষ এ ধনকুবের বলেন, ‘আমি তার(এপস্টিন) সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তের জন্য অনুতপ্ত।‘
গত সপ্তাহে এপস্টিন সম্পর্কিত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি প্রকাশ করে ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট, যার মধ্যে ছিল দুই হাজার ভিডিও ও ১হাজার ৮০০টি ছবি।
এনডিটিভি নিউজ জানায়, প্রকাশিত এসব নথিতে অনেক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ওঠে আসে গেটসের নাম।
এপস্টিনের পাঠানো একটি ইমেইল বার্তায় লেখা ছিল, ‘গেটসের সঙ্গে তার সম্পর্ক বিলকে মাদক পেতে সাহায্য করা থেকে, রাশিয়ান মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কের পরিণতি মোকাবেলা করতে সহায়তা করা, বিবাহিত নারীদের সঙ্গে তার অবৈধ মিলনের ব্যবস্থা করা।‘
ইমেইল বার্তা ছাড়াও নথিতে থাকা গেটসের কয়েকটি বিতর্কিত ছবিও এসেছে আলোচনায়।
তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে ইমেইলটির সত্যতা অস্বীকার করেন গেটস।
তিনি বলেন, ‘ইমেইলটি কখনো পাঠানো হয়নি। এটি মিথ্যা।
‘আমি জানি না তার মনোভাব কী ছিল। সে কি আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল?’
তবে গেটসের বিরুদ্ধে প্রকাশিত নথি বিষয়ে নতুন বিতর্কের জন্ম দেন সাবেক স্ত্রী মেলিন্ডা।
মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলিন্ডা বলেন, ‘এই নথির প্রকাশ আমার বিবাহিত জীবনের কিছু অত্যন্ত, অত্যন্ত বেদনাদায়ক মুহূর্তের স্মৃতি ফিরিয়ে এনেছে।’
মেলিন্ডা আরও বলেন, ‘যখনই সেই বিষয়গুলোর বিস্তারিত সামনে আসে, আমার জন্য এটি ব্যক্তিগতভাবে বেশ কঠিন হয়ে ওঠে।’
২০২১ সালে বিল গেটস ও মেলিন্ডার বিবাহবিচ্ছেদ হয়।