দীর্ঘ ৫৪ বছর পর আর্টেমিস ২ অভিযানের অংশ হিসেবে ৪ নভোচারীকে সঙ্গে নিয়ে চাঁদের পথে রয়েছে নাসার নভোযান।
ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয় স্পেস লঞ্চ সিস্টেম-এসএলএস রকেট।
নভোযানটির সঙ্গে থাকা ওরিওন ক্যাপসুলে অবস্থান করে চাঁদ প্রদক্ষিণ করবেন চার নভোচারী।
তারা হলেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেন।
সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, অভিযানটির সময় নির্ধারণ করা হয়েছে ১০ দিন। এ সময়ের ভিতর চাঁদ প্রদক্ষিণ করে ফিরে আসলেও চাঁদের মাটিতে নামবেন না নভোচারীরা।
পরিবর্তে ২০২৮ সালের ভিতর চাঁদে বসবাসযোগ্য জায়গা নির্ধারণ করতে নানান পরীক্ষা-নীরিক্ষা চালাবেন তারা।
গতকাল সন্ধ্যায় নভোচারীরা রওনা দেওয়ার পর এখনও পৃথিবীর কক্ষপথে অবস্থান করছে তাদের নভোযান।
নাসার রিয়েল টাইম ট্র্যাকারের সকাল ১১ টার তথ্য অনুযায়ী, নভোযানটি এখন চাঁদ থেকে দুই লাখ একুশ হাজার মাইল দূরত্বে অবস্থান করছে। একইসঙ্গে পৃথিবী থেকে পৃথিবী থেকে নভোযানটির দূরত্ব ৪২ হাজার ৫০০ মাইল।
তবে পৃথিবীর কক্ষপথ ছাড়তে ট্রান্স লুনার ইঞ্জেকশন বার্ন-এর মাধ্যমে আজ চাঁদের কক্ষপথে ছুটবেন নভোচারীরা।