ইউএস ইমিগ্রেশন সার্ভিসেস অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্তৃক গ্রেপ্তার হওয়া নিউ ইয়র্ক সিটি কাউন্সিল কর্মকর্তার অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশটির আয়োজন করা হয়।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, আইস কর্তৃক আটক হওয়া ব্যক্তি হলেন রাফায়েল আন্দ্রেস রুবিও বোহোরকেজ। ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি ভেনেজুয়েলার নাগরিক।
তিনি নিউ ইয়র্ক সিটি হলে ডাটা অ্যানালিস্ট পদে কর্মরত ছিলেন। নাসাউ কাউন্টিতে পেশাগত দায়িত্ব পালনের সময় সোমবার সকালে বোহোরকেজকে আইস কর্তৃক গ্রেপ্তার করা হয়।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট কর্তৃপক্ষের দাবি, বোহোরকেজ ২০১৭ সাল থেকে অবৈধভাবে অ্যামেরিকায় অবস্থান করছেন।
কর্তৃপক্ষ জানায়, আটক হওয়া ব্যক্তি ২০১৭ সালে বি২ ট্যুরিস্ট ভিসায় অ্যামেরিকায় প্রবেশ করেন। নিয়ম অনুযায়ী ওই বছরের ২২ অক্টোবর বোহোরকেজের অ্যামেরিকা থেকে প্রস্থান করার কথা।
ট্রাম্প প্রশাসনের এ অভিযোগের বিরোধিতা জানিয়েছে সিটি কাউন্সিল কর্তৃপক্ষ ও বোহোরকেজের সমর্থকরা।
মুক্তির দাবিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের দাবি, বাইডেন প্রশাসন বোহোরকেজকে একটি অস্থায়ী সুরক্ষা অবস্থা প্রদান করেছিল। ট্রাম্প প্রশাসন বিতর্কিতভাবে সেটি বাতিলের চেষ্টা চালিয়েছে।
সিটি কাউন্সিল কর্তৃপক্ষ জানায়, বোহোরকেজের অ্যামেরিকার নাগরিকত্ব নিশ্চিত করার কাজ প্রক্রিয়াধীন ছিল। একই সঙ্গে অক্টোবর পর্যন্ত তার বৈধভাবে এখানে বসবাসের মেয়াদ ছিল।
সিটি কাউন্সিলের এক কর্মকর্তা ক্যাসি লাইস্কি বলেন, ‘বোহোরকেজ আমাদের একজন ভাই, তিনি কাউন্সিলের জন্য কাজ করছেন, আমাদের শহরকে আরও সুন্দর করার জন্য কাজ করেছেন। ঠিক কাজ করার পরও তাকে এভাবে তুলে নেওয়া অন্যায্য।‘
বোহোরকেজকে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ভ্যারিক স্ট্রিটের একটি কারাগারে পাঠানো হয়েছে।
৫০০ পার্ল স্ট্রিটে ফেডারেল কোর্টে শুক্রবার বিচারক জন কোরনানের অধীনে তার শুনানির দিন ধার্য করা হয়েছে।
শুনানিতে বোহোরকেজকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখা হবে।