ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীতে যোগ দেওয়ার অপরাধে ৮জন ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত। বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাগদাদের কারখ ক্রিমিনাল কোর্ট এই রায় ঘোষণা করা হয়।
একই অভিযোগে আরো দুজন ফরাসি নাগরিককে ১৫ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। এ ছাড়া আরও ১০ জনের রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ১০ জন ২০২৫ সালে সিরিয়া থেকে ইরাকে নেওয়া ৪৭ ফরাসি নাগরিকের একটি দলের সদস্য। গত সেপ্টেম্বর থেকে ইরাকে তাদের বিচার চলছে। এর আগে একই দলের ১৫ জনকে যাবজ্জীবন এবং একজনকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন রোমাঁ গার্নিয়ে। তিনি আইএসের রেডিও কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে, ২০১৬ সালে ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে আইএসের যে বার্তা প্রচার করা হয়েছিল, সেটির কণ্ঠস্বর হিসেবে পরিচিত আদ্রিয়েন গিহালের রায় পিছিয়ে দেয়া হয়েছে। ওই হামলায় ৮৬ জন নিহত হন।
আদালতে শুনানির সময় অধিকাংশ আসামি আইএসে যোগ দেওয়ার অভিযোগ স্বীকার করেন এবং অনুতাপ প্রকাশ করেন। তাদের কয়েকজন ফ্রান্সে ফিরিয়ে নেওয়ারও অনুরোধ জানিয়েছেন।
ফ্রান্স আইএস সদস্যদের পরিবারের কয়েকশ সদস্যকে দেশে ফিরিয়ে নিলেও অভিযুক্ত অধিকাংশ পুরুষকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে তাদের ইরাকেই বিচারের মুখোমুখি হতে হচ্ছে।