এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। মনে করিয়ে দেয় বিখ্যাত সব গয়না চুরির গল্প নিয়ে তৈরি সিনেমার কথা। গত ১৯ অক্টোবর নাটকীয়ভাবে লুভর জাদুঘর থেকে চুরি হয় ফরাসি সম্রাট নেপোলিয়ন ও তার স্ত্রীর ব্যবহৃত মুকুট, হার, কানের দুল ও ব্রুচ।
প্যারিসের লুভর জাদুঘরে ঢুকে ফরাসি সম্রাজ্ঞীদের গয়না চুরি করে পালিয়েছিলেন চার জন। তাদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দু’জন এখনও পলাতক।
চুরির পরেই নড়েচড়ে বসে ফ্রান্স পুলিশ। গত রবিবার থেকে অন্তত ১৫০টি ডিএনএ নমুনা সংগ্রহ করে তারা। জোগাড় করা হয়, অনেক আঙুলের ছাপ। এই সমস্ত সূত্রই শেষ পর্যন্ত ধরিয়ে দিল দুই অভিযুক্তকে।
রবিবার শার্ল দ্য গল এয়ারপোর্ট থেকে প্রথমে এক জনকে গ্রেপ্তার করা হয়। পরে প্যারিস থেকেই ধরা পড়ে আরও এক জন। এখনও বাকি দু’জন অধরা।
এবিসি নিউজ জানায়, শার্ল দ্য গল এয়ারপোর্ট থেকে আলজেরিয়ার বিমান ধরার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত। চোরদের মধ্যে একজন ফ্রান্স এবং আলজেরিয়ার যৌথ নাগরিক।
ঘটনাস্থল এবং লুভর জাদুঘরের আশপাশের এলাকা থেকে গত এক সপ্তাহ ধরে নমুনা সংগ্রহ করেছিল প্যারিসের পুলিশ। যে সমস্ত আঙুলের ছাপ পাওয়া গিয়েছে, তার অধিকাংশই অভিযুক্তদের সঙ্গে মিলেছে।
জানা যায়, একটি ক্রেনবাহী ট্রাকে করে লুভরের পিছন দিকে পৌঁছান চার যুবক। ক্রেনের সাহায্যে তিন তলার বারান্দায় ওঠেন এবং জানলা ভেঙে অ্যাপোলো গ্যালারি থেকে গয়না চুরি করেন। পালানোর সময় ক্রেনবাহী এই ট্রাকটি ফেলে রেখে বাইক ব্যবহার করেছিলেন চার জনই। সূত্রের মতে, এই ট্রাকে ডিএনএ নমুনা মিলেছে, যা তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ ছাড়া, অভিযুক্তদের এক জনের হেলমেট উদ্ধার করেছিল পুলিশ। তার ভেতর থেকে পাওয়া চুলের নমুনা থেকেও অভিযুক্তকে শনাক্ত করা সহজ হয়েছে।
লুভর থেকে প্রায় ৯০০ কোটি টাকার সম্পদ মাত্র সাত মিনিটে হাতিয়ে নেয় চার জন।
আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে পলাতক আরও দুজনের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ।