লুইজিয়ানায় কলের পানি দিয়ে নাক পরিষ্কার ও কনট্যাক্ট লেন্স ধোয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে করেছে লুইজিয়ানা ডিপার্টমেন্ট অব হেলথ- এলডিএইচ। বিরল প্রজাতির অ্যামিবার সংক্রমণে একজনের মৃত্যুর পর এ সতর্কতা জারি করা হয়েছে। এ সংক্রমণে কয়েকজন আক্রান্ত হয়েছেন।
এলডিএইচ জানায়, ২০২৪ সাল থেকে স্টেইটে অ্যাকান্থামিবা সংক্রমণের ১০টি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আটজনের চোখে সংক্রমণ হয়েছিল। তাদের সাতজন কনট্যাক্ট লেন্স ব্যবহার করতেন। আক্রান্তদের ৫জন স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন।
চলতি বছর আরও দুজন এ অ্যামিবার সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তাদের একজনের সাইনাসে এবং অন্যজনের মস্তিষ্কে সংক্রমণ হয়। মস্তিষ্কে সংক্রমিত ব্যক্তি মারা গেছেন।
এলডিএইচ জানিয়েছে, দুজনেরই রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল ছিল এবং তারা নাক পরিষ্কারের যন্ত্রে কলের পানি ব্যবহার করেছিলেন।
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন-সিডিসির তথ্য অনুযায়ী, অ্যাকান্থামিবা একধরনের এককোষী জীব, যা পানি, মাটি ও ধুলাবালিতে পাওয়া যায়। সাধারণত এই জীবের সংস্পর্শে এলেও অধিকাংশ মানুষ অসুস্থ হন না। তবে কিছু ক্ষেত্রে এটি চোখ, সাইনাস, ত্বক ও মস্তিষ্কে সংক্রমণ ঘটাতে পারে।
সিডিসির তথ্য অনুযায়ী, অ্যাকান্থামিবার সংক্রমণ দুই ধরনের। এর মধ্যে একটি চোখের সংক্রমণ, যা কনট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের মধ্যে বেশি দেখা যায় এবং স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে। অন্য ধরনের সংক্রমণ সাধারণত দুর্বল রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের হয়। এতে মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অঙ্গ আক্রান্ত হতে পারে।
সংক্রমণের ঝুঁকি কমাতে নাক পরিষ্কারের যন্ত্রে পাতিত পানি, জীবাণুমুক্ত পানি অথবা ফুটিয়ে ঠান্ডা করা পানি ব্যবহারের পরামর্শ দিয়েছে এলডিএইচ। কনট্যাক্ট লেন্স পরিষ্কার ও সংরক্ষণের ক্ষেত্রেও কলের পানি ব্যবহার না করে নির্ধারিত পরিষ্কারক দ্রবণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া সাঁতার কাটা, গোসল করা কিংবা গরম পানির বাথটাবে নামার আগে কনট্যাক্ট লেন্স খুলে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।