থাইল্যান্ডে রপ্তানি করা আমেরিকান পণ্যের ওপর থেকে সব ধরনের শুল্ক তুলে নেওয়া হচ্ছে। একই সঙ্গে দূর করা হচ্ছে বাণিজ্য সংক্রান্ত অন্যান্য বড় বাধাও। মঙ্গলবার (১৭ নভেম্বর) থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে এক যৌথ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশ দুটির মধ্যে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত হতে যাচ্ছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনার ক্ষেত্রে পাল্টাপাল্টি শুল্কারোপ এর 'উল্লেখযোগ্য সমাপ্তি' বা সাবস্টেনশিয়াল কনক্লুশন উপলক্ষে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণা দেন।
নতুন এই চুক্তির আওতায় আমেরিকার গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ইথানল এবং পোল্ট্রি পণ্যের ওপর থেকে বড় ধরনের অশুল্ক বাধা তুলে নেওয়া হবে। এর বিনিময়ে থাইল্যান্ড আমেরিকা থেকে অতিরিক্ত ২.৬ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে।
অর্থনৈতিক তাৎপর্য ও প্রেক্ষাপট
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি থাইল্যান্ডের জন্য এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমেরিকা বর্তমানে থাইল্যান্ডের সবচেয়ে বড় রপ্তানি বাজার। চলতি বছর থাইল্যান্ডের মোট রপ্তানির ২৪.৬ শতাংশই গেছে আমেরিকায়।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে দেশ দুটির মধ্যে একটি প্রাথমিক বাণিজ্য কাঠামো ঘোষণা করা হয়। ওই রূপরেখায় শিল্প ও কৃষিপণ্যসহ প্রায় ৯৯ শতাংশ আমেরিকান পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার এবং আমেরিকান রপ্তানির অন্যান্য বাধা সহজ করার কথা বলা হয়েছিল।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই এশিয়া সফরটি ভূরাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পরপরই এই সফরে বের হয়েছেন তিনি। এছাড়া চায়নার এআই চিপ ব্যবহারের ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞার কারণে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের চলমান বাণিজ্য চুক্তির বিষয়টিও বর্তমানে বেশ জটিল অবস্থায় রয়েছে।
থাইল্যান্ড সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্প চায়নার শেনঝেনে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি চায়না ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন।