রবিবার রাতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তান পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। তালেবান সরকারের সোমবার দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৮০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২,৫০০ জনেরও বেশি।
বার্তা সংস্থা এপি জানায়, নিখোঁজ প্রিয়জনদের খোঁজে রাতের অন্ধকারে ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন মরিয়া আফগানরা।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, নিহতের সংখ্যা কমপক্ষে ৮০০ জনে পৌঁছেছে এবং ২,৫০০ জনেরও বেশি আহত হয়েছে। তিনি বলেন, বেশিরভাগ হতাহতের ঘটনা কুনারে ঘটেছে।
রবিবার স্থানীয় সময় রাত ১১ টা ৪৭ মিনিটে ৬ মাত্রার ভূমিকম্পটি আফগানিস্তানের পার্শ্ববর্তী নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহরের কাছে কুনার প্রদেশের শহরগুলোতে আঘাত হানে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে - ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। এরপর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।
প্রকাশিত ফুটেজে দেখা যায়, উদ্ধারকারীরা ধসে পড়া ভবন থেকে আহতদের স্ট্রেচারে তুলে হেলিকপ্টারের দিকে নিয়ে যাচ্ছেন। মানুষজন ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, উদ্ধার অভিযান চলছে এবং কুনার, নাঙ্গারহার এবং রাজধানী কাবুল থেকে মেডিকেল দল দুর্গত এলাকায় পৌঁছেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এএফপিকে বলেন, 'অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।'
আফগানদের বেশিরভাগই মাটির ও ইটের তৈরি নিচু বাড়িতে বাস করেন। সেগুলো অল্পতেই ধসে পড়ার ঝুঁকিতে থাকে।