অ্যালাবামা স্টেইটে রিপাবলিকানদের সুবিধা দিতে তৈরি করা বিতর্কিত কংগ্রেসনাল মানচিত্র বাতিল করেছে একটি ফেডারেল আদালত। মঙ্গলবার দেওয়া রায়ে আদালত বলেছে, এই মানচিত্র অ্যালাবামার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ভোটাধিকারকে বিভক্ত করার “ইচ্ছাকৃত চেষ্টা”র অংশ।
তিন বিচারকের সর্বসম্মত বেঞ্চ জানিয়েছে, স্টেইট কর্তৃপক্ষ এই মানচিত্র ব্যবহার করতে পারবে না। কারণ এর আগেও আদালত সিদ্ধান্ত দিয়েছিল যে, এটি কৃষ্ণাঙ্গ ভোটারদের রাজনৈতিক প্রভাব দুর্বল করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।
আদালত আপাতত আগের নির্বাচনে ব্যবহৃত মানচিত্র কার্যকর রাখার নির্দেশ দিয়েছে। ওই মানচিত্র অনুযায়ী অ্যালাবামা থেকে কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন পাঁচজন শ্বেতাঙ্গ রিপাবলিকান এবং দুইজন কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট।
তবে আদালত রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেইট আইনসভাকে নতুন করে মানচিত্র আঁকার সুযোগও রেখেছে। ফলে রিপাবলিকানরা আবারও নিজেদের অনুকূলে নতুন সীমারেখা তৈরির চেষ্টা করতে পারে। পাশাপাশি তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও আপিল করতে পারবে।
দীর্ঘদিন ধরেই অ্যালাবামায় ৬-১ ব্যবধানে রিপাবলিকান আধিপত্য নিশ্চিত করতে চেয়েছে দলটি। কিন্তু বিভিন্ন আদালত বারবার সেই প্রচেষ্টা আটকে দেয়।
সম্প্রতি অ্যামেরিকার সুপ্রিম কোর্ট ভোটাধিকার আইন বা Voting Rights Act-এর কিছু অংশ দুর্বল করার পর রিপাবলিকানরা আবারও নতুন মানচিত্র আনার চেষ্টা করে।
তবে বিষয়টি দ্রুত আদালতে গড়ায় এবং শেষ পর্যন্ত মঙ্গলবার ফেডারেল বিচারকরা সেই মানচিত্র স্থগিতের নির্দেশ দেন।
বিশ্লেষকদের মতে, অ্যালাবামার এই মামলা এখন অ্যামেরিকাজুড়ে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ বা জেরিম্যান্ডারিং বিতর্কের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।