বেশির ভাগ যাত্রী ঘুমে, হঠাৎ ধোঁয়ায় আচ্ছন্ন বিমান

টিবিএন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০ ২০২৫, ২২:১৫

কেবিনভর্তি ধোঁয়ার মধ্যে ম্যালাগলি বালিশ দিয়ে তার নাক চেপে রাখেন। ছবি: ইনস্টাগ্রাম
- 0
আতঙ্কিত যাত্রীরা ঢেকে ফেলেন তাদের মুখ। সে সময় অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এগিয়ে আসেন বিমানবালা।
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে যাচ্ছিল কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ বিমান। হঠাৎ বিমানটির যাত্রীর মাথার ওপরের একটি লকারের পাওয়ার ব্যাংকে ধরে যায় আগুন। এ আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় মুহূর্তেই আচ্ছন্ন হয়ে যায় চারপাশ।
আতঙ্কিত যাত্রীরা ঢেকে ফেলেন তাদের মুখ। সে সময় অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এগিয়ে আসেন বিমানবালা।
এনডিটিভি রবিবার এসব তথ্য জানায়, তবে বিমানের পাওয়ার ব্যাংকে কবে আগুন ধরে, সে বিষয়ে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, অবতরণের প্রায় চার ঘণ্টা আগে বিমানে আগুনের ঘটনাটি ঘটে। সে সময় বেশির ভাগ যাত্রী ছিলেন ঘুমে।
সিমিওনে ম্যালাগলি নামের ফ্লাইটটির এক যাত্রী ঘটনাটিকে তার জীবনের ‘অন্যতম দুশ্চিন্তাপূর্ণ’ ভ্রমণ হিসেবে আখ্যা দেন।
তিনি ইনস্টাগ্রামে একটি ফুটেজ শেয়ার দেন, যাতে দেখা যায়, কেবিনভর্তি ধোঁয়া। ম্যালাগলি বালিশ দিয়ে তার নাক চেপে রেখেছেন।
কেএলএম এক বিবৃতিতে জানায়, জ্বলন্ত পাওয়ার ব্যাংক থেকে বিমানে ধোঁয়া শনাক্ত হয়। প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা মেনে ক্রু তাৎক্ষণিকভাবে ডিভাইসের আগুন নিভিয়ে ফেলেন।
আমস্টারডামে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। ওই সময় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ওই বিমানে যে ধরনের পোর্টেবল চার্জার ছিল, সেগুলোতে লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকে। এগুলো ক্যারি অন লাগেজে রাখার অনুমতি দেওয়া হয়, তবে অতিরিক্ত গরম হয়ে দুর্ঘটনার ঝুঁকি থেকে চেক করা ব্যাগে ডিভাইসটি রাখার অনুমতি দেওয়া হয় না।
লিথিয়াম ব্যাটারি সাধারণত ফোন বা ল্যাপটপের মতো ডিভাইসে ব্যবহার করা হয়। বিমানে আগুনের সঙ্গে এসব ব্যাটারির সংশ্লিষ্টতা ক্রমশ বাড়ছে।
ফ্লাইটের সময় কিছু এয়ারলাইনে পাওয়ার ব্যাংক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।
এমিরেটস এয়ারলাইন্স সম্প্রতি ফ্লাইটগুলোতে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন শুরু হবে পহেলা অক্টোবর থেকে।
কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, সমন্বিত নিরাপত্তা পর্যালোচনার পর এমিরেটস বিমানে পাওয়ার ব্যাংক রাখার বিষয়ে দৃঢ় ও ইতিবাচক অবস্থান নিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সেবাগ্রহীতাদের মধ্যে পাওয়ার ব্যাংক ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ ধরনের ব্যবহার বৃহত্তর বিমান শিল্পে লিথিয়াম ব্যাটারিসংক্রান্ত দুর্ঘটনা বাড়াচ্ছে।

