ম্যানহাটনে ট্রেনে বেয়ার স্প্রে, চারজন হাসপাতালে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪ ২০২৫, ২০:১০

নিউ ইয়র্কের ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ার। ছবি: ইউনিভার্সাল ইমেজেস গ্রুপ/গেটি ইমেজেস/এনবিসি নিউজ

নিউ ইয়র্কের ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ার। ছবি: ইউনিভার্সাল ইমেজেস গ্রুপ/গেটি ইমেজেস/এনবিসি নিউজ

  • 0

ফোর্টিন্থ স্ট্রিট-ইউনিয়ন স্কয়ারে দক্ষিণমুখী চার নম্বর ট্রেনের একটি ঘটনায় কল পায় পুলিশ। রাত সাড়ে ৯টার পরপরই করা এ কলের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের পায় বাহিনীটি।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ারে রবিবার রাতে একটি ট্রেনের বগিতে ভাল্লুক তাড়ানোর স্প্রে তথা বেয়ার স্প্রে ছোড়ার ঘটনায় আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এনবিসি নিউজ এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ফোর্টিন্থ স্ট্রিট-ইউনিয়ন স্কয়ারে দক্ষিণমুখী চার নম্বর ট্রেনের একটি ঘটনায় কল পায় পুলিশ। রাত সাড়ে ৯টার পরপরই করা এ কলের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের পায় বাহিনীটি।

অসুস্থদের মধ্যে অর্ধেক স্বাস্থ্যসেবা নিতে চাননি। অন্য অর্ধেককে একটি হাসপাতালে নেওয়া হয়। তারা সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি জানায়, স্কি মাস্ক পরা প্রায় ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে খুঁজছে তারা।

পুলিশ জানায়, সাবওয়ের বগিতে স্প্রেটি ছুড়ে ওপরে ওঠার সিঁড়ি দিয়ে সড়কে এসে উধাও হয়ে যান এ তরুণ। ঘটনার আগে সম্ভবত ট্রেনের কোনো যাত্রীর সঙ্গে তরুণটির তর্কাতর্কি হয়েছিল।

এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সিটিজেন অ্যাপে প্রকাশিত ভিডিওতে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়া দেওয়ার দৃশ্য দেখা যায়।

ওই ঘটনায় সাবওয়ে সার্ভিস কিছু সময়ের জন্য বন্ধ ছিল।