‘দার-ই-নিজাত’ উন্মাদনা
৩১০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ে আলোচনার শীর্ষে শেহেরিয়ার মুনাওয়ার
- 0


প্রকাশিত: নভেম্বর ২৯ ২০২৬, ১৭:৩৩ হালনাগাদ: নভেম্বর ২৯ ২০২৬, ১৯:৫১

পাকিস্তানি টেলিভিশন নাটকের ইতিহাসে নতুন আলোচনার জন্ম দিয়েছে এআরওয়াই ডিজিটালের জনপ্রিয় ধারাবাহিক ‘দার-ই-নিজাত’। উমেরা আহমদের লেখা ও সাকিব খানের পরিচালনায় নির্মিত এই নাটকে ‘আবু বকর আমান’ চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়াসহ বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছেন শেহেরিয়ার মুনাওয়ার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর সিনিয়র প্রযোজক সোফিয়া সাইফির এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে এই নাটকের আকাশচুম্বী জনপ্রিয়তা পাকিস্তানের টেলিভিশন শিল্পকে এক নতুন বৈশ্বিক উচ্চতায় নিয়ে যাচ্ছে।
চলতি বছরের পয়লা অগাস্টে এআরওয়াই ডিজিটালে সম্প্রচার শুরুর পর থেকেই নাটকটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এআরওয়াই ডিজিটালের তথ্য অনুযায়ী, ২৩তম পর্ব পর্যন্ত নাটকটি সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১৭০ কোটির বেশি ভিউ অতিক্রম করে, যা ৩৩তম পর্বের পর বেড়ে দাঁড়ায় ৩১০ কোটিরও বেশি ভিউয়ে। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় (পাকিস্তান সময়) প্রচারিত এই ধারাবাহিকের গল্পে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, আধ্যাত্মিকতা ও অনুশোচনার জটিল টানাপোড়েন উঠে এসেছে।
শেহেরিয়ার মুনাওয়ার শুধু প্রধান অভিনেতা হিসেবেই নন, ‘থ্রি’স এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নাটকটির অন্যতম প্রযোজকও। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আবু বকর কোনো নিখুঁত চরিত্র নয়—মানুষকে খুশি করার প্রবণতা এবং উদ্ধারকর্তা হিসেবে নিজেকে দেখার দুর্বলতাও এই চরিত্রের অংশ। জটিল ও সংবেদনশীল এই চরিত্রটি দর্শকদের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে।
নাটকটির জনপ্রিয়তা কেবল পাকিস্তানের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই, বরং সীমানা পেরিয়ে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে পড়েছে। সিএনএন-এর প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার কথা, যেখানে নাটকটির ভক্তরা একত্রিত হয়ে বিশেষ ‘ওয়াচ পার্টি’র আয়োজন করছেন।
এছাড়া ভারতেও নাটকটি নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। তবে অনলাইনে কিছু গোষ্ঠীর বিরোধিতার কারণে ভারতের বেঙ্গালুরুতে নাটকটির দুটি নির্ধারিত প্রদর্শনী বাতিল করতে হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়।
দক্ষিণ এশিয়ায় বিপুল দর্শক টানার পাশাপাশি নাটকটি আন্তর্জাতিক অঙ্গনেও বড় মাইলফলক ছুঁয়েছে। সৌদি সম্প্রচারমাধ্যম এমবিসি বলিউড নাটকটি কিনে নিয়েছে এবং মধ্যপ্রাচ্যের দর্শকদের জন্য আরবি ভাষায় ডাবিং করে আগামী ৬ ডিসেম্বর থেকে সম্প্রচার শুরুর উদ্যোগ নিয়েছে।
সব মিলিয়ে ‘দার-ই-নিজাত’ ও শেহেরিয়ার মুনাওয়ারের অভিনয় এখন টিভি ও অনলাইন দর্শকদের আলোচনার কেন্দ্রে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ মানুষ উর্দু ও হিন্দি ভাষা বুঝতে পারে, যা পাকিস্তানি নাটকের জন্য একটি বিশাল আন্তর্জাতিক বাজার তৈরি করেছে। এই বিপুল দর্শক চাহিদাকে কাজে লাগাতে ইতোমধ্যে একটি বিশেষ স্ট্রিমিং অ্যাপও চালু করা হয়েছে। এর পাশাপাশি পাকিস্তানি বিনোদন জগতের পরবর্তী বড় মাইলফলক হিসেবে নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম মৌলিক সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামাইত লো’-এর বিশ্বব্যাপী মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
