গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকার সরবরাহ নিশ্চিত করতে একাধিক চুক্তি করেছে আমেরিকা , অস্ট্রেলিয়া, ভারত ও জাপান। মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চলমান আসিয়ান শীর্ষ সম্মেলনে কোয়াড নেতাদের সঙ্গে বৈঠকের আগে এ কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, কোনো একটি বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরশীল হয়ে কোয়াডের কোনো দেশ যাতে চাপের মুখে না পড়ে, সেটি নিশ্চিত করাই এসব চুক্তির লক্ষ্য।
বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, বিরল মৃত্তিকা উৎপাদনে আগামী ১০ মাসের মধ্যে চীনকে ছাড়িয়ে যাবে আমেরিকা।
তিনি বলেন, ‘আমরা আগে কখনো এত বেশি পরিমাণে বিরল মৃত্তিকা উৎপাদন করিনি। তারা বলছে, আগামী ১০ মাসের মধ্যে আমরা চীনের সমপর্যায়ে পৌঁছে যাব।’
আগামী বছর প্রথমবারের মতো কোয়াড বিজনেস লিডার্স ফোরাম চালু করা হবে বলেও জানান ট্রাম্প। তার দাবি, আগামী ১২ মাসে এমন কিছু ঘটবে, যা অনেককে বিস্মিত করবে।
ইলেকট্রনিকস, পরিচ্ছন্ন জ্বালানি, মহাকাশ প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম ও সেমিকন্ডাক্টর তৈরিতে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা ব্যবহৃত হয়। এসব খনিজের সরবরাহব্যবস্থায় চীনের আধিপত্য আমেরিকা ও তার অংশীদারদের দীর্ঘদিনের উদ্বেগের কারণ।
কূটনৈতিক বিরোধের জেরে এর আগে জাপানে মহাকাশ, প্রতিরক্ষা ও সেমিকন্ডাক্টর শিল্পে ব্যবহৃত কিছু খনিজের সরবরাহ বন্ধ করে দিয়েছিল চীন। এ ঘটনা গুরুত্বপূর্ণ খনিজের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরশীলতার ঝুঁকি সামনে নিয়ে আসে।