বাবার কোল থেকে শিশুটিকে কামড়ে টেনে নিল ঘোড়াটি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১ ২০২৫, ০:১৩

ঘোড়াটি বাবার কোলে থাকা শিশুটিকে কামড়ে তিন ফুট ওপরে তুলে ফেলে। ছবি: গালফ নিউজ

ঘোড়াটি বাবার কোলে থাকা শিশুটিকে কামড়ে তিন ফুট ওপরে তুলে ফেলে। ছবি: গালফ নিউজ

  • 0

বাবা-ছেলের মুহূর্তগুলো ভিডিওটিতে ধারণ করছিলেন ওমরের স্ত্রী। মুহূর্তগুলো তাদের জন্য হতে পারত সুখের, কিন্তু ঘোড়ার বেপরোয়া আচরণে তা হয়ে যায় দুঃখময়।

তুরস্কের আনতালিয়া প্রদেশে পরিবার নিয়ে ঘুরতে বের হন এক ব্যক্তি। সে সময় সন্তান কোলে নিয়ে ঘোড়ার কাছে যান তিনি। আর তাতেই ঘটে যায় দুর্ঘটনাটি।

লাগামহীন ঘোড়ার কাছে গিয়ে প্রাণীটিকে আদর করেন বাবা। এর পরপরই ওই ব্যক্তির কোলে থাকা তিন বছরের ছেলে শিশুটির দেহে কামড় দিয়ে তাকে টেনে নেয় ঘোড়াটি।

গালফ নিউজ রবিবার জানায়, আনতালিয়ার কোনিয়ালতি জেলার মোল্লা ইউসুফ এলাকায় ঘটনাটি ঘটে। ওই এলাকায় পরিবার নিয়ে প্রায় এক দশক বসবাস করেছেন ভুক্তভোগীর বাবা মোহাম্মেদ আল কাসুম।

ঘটনাটি কবের সে বিষয়ে কিছু জানায়নি গালফ নিউজ।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, ঘটনার দিন মোটরসাইকেলে ছিলেন আল কাসুম, তার স্ত্রী ও তাদের ছেলে ওমর। ওই সময় তারা সড়কের পাশে কাঠের একটি বেষ্টনীর মধ্যে একটি ঘোড়া দেখতে পান।

প্রাণীপ্রেমী ছেলেকে ঘোড়াটির কাছে নিতে মোটরসাইকেল থামান আল কাসুম। তিনি প্রথমে ঘোড়াটিকে কিছু ঘাস দেন। এরপর ছেলে ওমরের হাতেও ঘাসের একটি টুকরা তুলে দেন তিনি।

বাবা-ছেলের মুহূর্তগুলো ভিডিওটিতে ধারণ করছিলেন ওমরের স্ত্রী। মুহূর্তগুলো তাদের জন্য হতে পারত সুখের, কিন্তু ঘোড়ার বেপরোয়া আচরণে তা হয়ে যায় দুঃখময়।

ঘোড়াটি বাবার কোলে থাকা শিশুটিকে কামড়ে তিন ফুট ওপরে তুলে ফেলে। ওই সময় গগনবিদারী চিৎকার দেওয়া ছেলেকে তড়িঘড়ি করে তুলতে যান বাবা। অন্যদিকে পাগলের মতো জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের কল দেন শিশুটির মা।

প্যারামেডিকরা দ্রুত এসে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। তারপর শিশুটিকে নেওয়া হয় হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তার গায়ে কামড়ের গভীর দাগ ও একাধিক ক্ষতচিহ্ন দেখতে পান।

স্বাস্থ্যকর্মীরা জানান, ঘটনার বিস্তারিত জেনে হতবাক হয়ে পড়েন তারা। স্বচক্ষে বিষয়টি দেখতে তারা ফুটেজের আশ্রয় নেন।

হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় আছে শিশুটি, তবে ঘটনাটি তার মনে গভীর দাগ রেখে গেছে। ওমর এখন প্রাণীদের ভয় পাচ্ছে বলে জানান তার বাবা।