
নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সি
তুষারঝড়ের পর চালু হচ্ছে যেসব যান চলাচল

টিবিএন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪ ২০২৬, ১৩:৫৯ হালনাগাদ: ফেব্রুয়ারি ২৪ ২০২৬, ২১:২৭
.jpg)
নিউ ইয়র্কে প্রবল তুষারপাতে একটি সাবওয়ে স্টেশনের চিত্র। ছবি: রয়টার্স
- 0
মঙ্গলবার সকালে সাবওয়ে এক্সপ্রেস ট্রেনগুলো চালু হলেও সেগুলো চলাচল করবে লোকাল ট্রেনের লাইনে। তুষারঝড়ের কবলে রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে এ পরিবর্তনে যাতায়াতের সময় বেড়ে যাবে অনেকটা।
নিউ ইয়র্ক সিটিসহ ট্রাই স্টেইট এলাকা জুড়ে প্রবল তুষারপাতের পর স্বল্প পরিসরে চালু হতে যাচ্ছে গণপরিবহন।
রোববার সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত স্থায়ী হওয়া তুষারঝড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বিভিন্ন স্টেইট কর্তৃপক্ষ।
পাশাপাশি দুর্যোগ চলাকালীন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে বন্ধ করে দেয় গণপরিবহন চলাচল।
যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ট্রেন, বাস, লং আইল্যান্ডে রেলপথ, মেট্রো নর্থসহ নিউ জার্সির ট্রানজিট ও ফেরি সেবা।
সর্বশেষ মঙ্গলবার থেকে গণপরিবহন চলাচলের হালনাগাদ তথ্য জানিয়েছেন আইউইটনেস নিউজ।
সাবওয়ে ট্রেন-নিউ ইয়র্ক সিটি
মঙ্গলবার সকালে সাবওয়ে এক্সপ্রেস ট্রেনগুলো চালু হলেও সেগুলো চলাচল করবে লোকাল ট্রেনের লাইনে।
তুষারঝড়ের কবলে রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে এ পরিবর্তনে যাতায়াতের সময় বেড়ে যাবে অনেকটা।
একই সঙ্গে রকঅ্যাওয়েস এলাকায় রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাবওয়ে ট্রেনের পরিবর্তে চলবে শাটল ট্রেন। ইউক্লিড অ্যাভিনিউ থেকে রকঅ্যাওয়েস এলাকার প্রত্যেক স্টেশনে পরিষেবা দিবে এ ট্রেনটি।
তবে স্ট্যটেন আইল্যান্ড রেল লাইনে এখনও বন্ধ আছে ট্রেন চলাচল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তুষার পরিষ্কারের পর দ্রুতই চালু হবে রেলপথটি।
সড়কপথ-নিউ ইয়র্ক সিটি
নিউ ইয়র্ক সিটিতে মঙ্গলবার থেকে শীতকালীন সময়সূচী অনুযায়ী বাস চলাচল শুরু হলেও সড়কের পরিস্থিতি অনুযায়ী রুট পরিবর্তন ও ধীরগতির পরিষেবার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
লং আইল্যান্ড রেল রোড-এলআইআরআর
এলআইআরআর মঙ্গলবার ভোর ৪টা থেকে রনকনকোমা, হান্টিংটন, ব্যাবিলন, অয়েস্টার বে, মনটক এবং পোর্ট ওয়াশিংটন শাখায় সীমিত পরিসরে রেলসেবা চালু করেছে।
মনটক শাখায় স্পিয়ঙ্ক ও তার পশ্চিমের স্টেশনগুলোর মধ্যে ট্রেন চলবে।
অয়েস্টার বে শাখায় সকালে পশ্চিমমুখী ট্রেন চলবে ও পরে পূর্বমুখী ট্রেন যোগ হবে।
পশ্চিমমুখী পরিষেবা ভোর ৪টার সময় পুনরায় শুরু হবে এবং পূর্বমুখী পরিষেবা ভোর ৫টা থেকে শুরু হবে। পোর্ট ওয়াশিংটন ও রনকনকোমা শাখায় প্রতি ঘণ্টায় ট্রেন চলবে।
ব্যাবিলন ও হান্টিংটন শাখায় প্রতি আধা ঘণ্টায় ট্রেন চলবে। পোর্ট জেফারসন শাখায় দেড় ঘণ্টা অন্তর ট্রেন চলবে। অয়েস্টার বে শাখায় প্রতি দুই ঘণ্টায় ট্রেন চলবে। প্রথম পশ্চিমমুখী ট্রেন সকাল ৫টা ২৬ মিনিটে এবং প্রথম পূর্বমুখী ট্রেন সকাল ১০টা ৪৫ মিনিটে ছাড়বে।
জামাইকা ও আটলান্টিক টার্মিনালে প্রতি ২০ মিনিটে ট্রেন চলবে।
মেট্রো-নর্থ রেলরোড
প্রাথমিকভাবে মঙ্গলবার হাডসন, হার্লেম ও নিউ হেভেন লাইনে শনিবারের সময়সূচী অনুযায়ী ট্রেন পরিষেবা দিবে মেট্রো-নর্থ রেলরোড। ট্রেন চালুর প্রথম দিব পরিষেবা দেওয়া হবে শনিবারের সময়সূচী অনুযায়ী। যার ফলে এদিন দুই-তৃতীয়াংশ সেবা পাবেন যাত্রীরা।
নিউ জার্সি ট্রানজিট
তুষারঝড়ের পর মঙ্গলবার থেকে বেশ কয়েকটি রেলপথে ট্রেন পরিষেবা চালু করবে নিউ জার্সি। তবে মরিসটাউন, গ্ল্যাডস্টোন ও মন্টক্লেয়ার বুনটন লাইনে ট্রেন চলবে স্বল্প পরিসরে ছুটির দিনের সময়সূচী অনুযায়ী।
প্যাসাক ভ্যালী, মেইন বার্গেন ও পোর্ট জারভিস রেলপথগুলোতেও ট্রেন চলবে স্বল্প পরিসরে।
তবে আটলান্টিক সিটি রেললাইনে প্রথম দিন থেকেই ট্রেন চলবে স্বাভাবিক কর্মদিবস অনুযায়ী।
পাশাপাশি সড়কপথে বাস চলাচল করলেও জমে থাকা তুষারের কারণে রুট পরিবর্তন হতে পারে।