Skip to main content

এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১ ২০২৬, ২১:৪৯ হালনাগাদ: এপ্রিল ১৩ ২০২৬, ১১:৫৮

এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন
  • 0

জাতীয় নাগরিক পার্টি—এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ভোটকেন্দ্রে অনিয়মের চেষ্টা হলে তা প্রতিহত করার প্রস্তুতি তাঁদের রয়েছে।

আজ বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আসিফ মাহমুদ বলেন, কেউ ভোট চুরি, ব্যালট ছিনতাই বা কেন্দ্র দখলের চেষ্টা করলে তা ‘দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে’ প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি দাবি করেন, এ লক্ষ্যে তাঁদের সারাদেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গড়া ১১–দলীয় জোটের প্রস্তুতি রয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো ভোটার যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতেই তাঁদের নেতা-কর্মীরা মাঠে থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে নজরদারি রাখার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ভোট কেনা বা ভোটারদের সঙ্গে অর্থ লেনদেন স্পষ্টত অপরাধ—যে দলের প্রার্থীই হোক, এমন ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে তিনি বিএনপির বিরুদ্ধেও অভিযোগ তোলেন। তাঁর দাবি, যেসব আসনে বিএনপির প্রার্থীরা দুর্বল অবস্থানে রয়েছে, সেসব জায়গায় নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে।

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে আসিফ মাহমুদ বলেন, দেশে ভুল তথ্যও অপতথ্য ছড়ানো হচ্ছে। নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কিছু গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিভিন্ন এলাকায় প্রার্থী ও পোলিং এজেন্টদের ওপর হামলা ও হয়রানির অভিযোগও তুলে ধরেন।

অন্যদিকে, যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধারের অভিযানকে স্বাগত জানিয়ে তিনি তা আরও জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং শাপলা প্রতীকের প্রার্থীদের বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।

গণমাধ্যম প্রসঙ্গে আসিফ মাহমুদ সতর্কবার্তা দিয়ে বলেন, কিছু মিডিয়া আবারও একপেশে অবস্থানে ফিরে যাচ্ছে বলে তাঁদের পর্যবেক্ষণ। তিনি দাবি করেন, আগের মতো পক্ষপাতদুষ্ট ভূমিকা নেওয়া হলে ভবিষ্যতে তা নোট রাখা হবে। তবে তিনি গণমাধ্যমকে সঠিক ও দায়িত্বশীল তথ্য উপস্থাপনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে বলা হয়, নির্বাচন সুষ্ঠু রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা জরুরি।