অধিকৃত ওয়েস্ট ব্যাংকে ইযরায়েলি বাহিনীর গুলিতে ১৪ বছর বয়সী এক প্যালেস্টিনিয়ান কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই কিশোর। সোমবার (৯ নভেম্বর) রাতে নাবলুস শহরের উত্তর-পশ্চিমে বুরকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মোতাজ আইয়াদ দাগলাস। মঙ্গলবার প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার পরিচয় নিশ্চিত করে জানায়, ইযরায়েলি কর্তৃপক্ষ তার মরদেহ আটকে রেখেছে।
প্যালেস্টিনিয়ান সংবাদ সংস্থা ওয়াফা’র তথ্য অনুযায়ী, আহত দুই কিশোরের একজনের বয়স ১৭ বছর। তার পেটে ও কোমরের নিচের অংশে গুলি লাগে। ১৯ বছর বয়সী অন্যজনের হাতে গুলি লেগেছে।
ইযরায়েলি সামরিক বাহিনী বুরকা গ্রামে গুলির ঘটনা নিশ্চিত করেছে। তাদের দাবি, ইযরায়েলি যানবাহনে পাথর নিক্ষেপ ঠেকাতে সেনারা গুলি চালিয়েছে। এক বিবৃতিতে বাহিনী জানায়, হুমকি মোকাবিলায় গুলি চালানোর পর কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্যালেস্টিনিয়ান সংবাদ সংস্থা ওয়াফা জানায়, ইযরায়েলি সেনারা নিহত কিশোরের বাবাকে আটক করেছে এবং আহত এক ব্যক্তির কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দিয়েছে। এ ছাড়া প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির তিন স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মীকেও কিছু সময়ের জন্য আটকে রাখা হয়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অধিকৃত ওয়েস্ট বাংকে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১৪৩ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫০ জন শিশু।
এদিকে আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) তথ্য বলছে, ওয়েস্ট বাংকে বসতি স্থাপনকারীদের সহিংসতার দিক থেকে ২০২৬ সাল গত এক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বছরে পরিণত হওয়ার পথে। সংস্থাটির তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই ইযরায়েলি সশস্ত্র বসতি স্থাপনকারী ও সেনাদের সংশ্লিষ্ট চারটি ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।
হেবরন, রামাল্লাহ, নাবলুস, জেনিন ও আল-বিরেহ এলাকায় বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি দেখা গেছে।