মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে দোদুল্যমান বা সুইং ভোটার হিসেবে গুরুত্ব পাচ্ছেন লাতিনো জনগোষ্ঠীর ভোটাররা। শেষপর্যন্ত ভোটকেন্দ্রে লাতিনোদের কোন দলকে সমর্থন করতে দেখা যাবে, তা নিয়ে শঙ্কায় আছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি উভয় দল।
নিউ ইয়র্ক টাইমস জানায়, ২০২৪ সালে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লাতিনো ভোটাররা।
তবে এবার সর্বশেষ জরিপগুলোতে দেখা গেছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির তুলনায় ডেমোক্র্যাটিক পার্টিকে ৩০ শতাংশ বেশি সমর্থন জানিয়েছেন এ ভোটাররা।
একইসঙ্গে হিস্পানিক ভোটারদের হারানো সমর্থন ফিরে পেতে এবারের নির্বাচনে বেশ অগ্রগতি অর্জন করেছেন ডেমোক্র্যাটরা।
এমন বাস্তবতায়, নির্বাচনের কয়েকদিন আগে লাতিনো সংখ্যাগরিষ্ঠ সেন্ট্রাল ভ্যালি এলাকায় অভিযান চালায় ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস। হোয়াইট হাউসের নির্দেশে চালানো ওই অভিযানে ভয়ভীতি প্রদর্শন ও নিয়ম ছাড়াই লাতিনোদের গ্রেপ্তার করে আইস।
এদিকে ডেমোক্র্যাটদের মতে, লাতিনোদের সমর্থন ও অবস্থান শেষ পর্যন্ত কোন দলের জন্য ভারী হবে তা পুরোপুরি নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে, দলের পরিবর্তে প্রার্থীদের প্রাধান্য এবং জীবনযাত্রায় ব্যয়, সীমান্ত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে যেকোনো সময় বদলে যেতে পারে তাদের নির্বাচনী সিদ্ধান্ত।
সব মিলিয়ে নির্বাচনের সবচেয়ে অনিশ্চিত ভোটার হিসাবে চিহ্নিত হয়েছেন লাতিনোরা।