Skip to main content

নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২২ ২০২৬, ১৭:৩৭

নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা
  • 0

এবারের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ক্রমবর্ধমান প্রগতিশীল বামপন্থী ধারা এবং প্রতিষ্ঠিত নেতৃত্বের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী এই লড়াইকে নিউ ইয়র্কের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে, যেখানে নিউ ইয়র্ক সিটির মেয়র যোরান মামদানির রাজনৈতিক প্রভাবের পরীক্ষাও চলছে।

নিউ ইয়র্কে প্রাইমারি নির্বাচনের আগের দিন তথা সোমবার স্টেইটের কংগ্রেস প্রার্থীরা ভোটারদের কাছে শেষবার নিজেদের প্রচারণা চালিয়েছেন।

এবারের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ক্রমবর্ধমান প্রগতিশীল বামপন্থী ধারা এবং প্রতিষ্ঠিত নেতৃত্বের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচনী এই লড়াইকে নিউ ইয়র্কের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে, যেখানে নিউ ইয়র্ক সিটির মেয়র যোরান মামদানির রাজনৈতিক প্রভাবের পরীক্ষাও চলছে। তরুণ এই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট নেতা গত বছর যে জনসমর্থন ও উত্তেজনা তৈরি করেছিলেন, তা এবার কংগ্রেস নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে—তা নিয়েই রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

মামদানি তার সমর্থিত তিনজন হাউস প্রার্থীর পক্ষে সক্রিয় প্রচারণা চালিয়েছেন। তিনি একাধিক প্রচারণামূলক ভিডিওতে অংশ নিয়েছেন এবং গত সপ্তাহে সিনেট সদস্য বার্নি সেন্ডার্সের সঙ্গে একটি সমাবেশেও অংশ নেন।

তিনি বলেন,’অতীতের দল ভবিষ্যতের নেতৃত্ব দিতে পারবে না। আমাদের এমন একটি ডেমোক্র্যাটিক পার্টি দরকার, যার মেরুদণ্ড আছে।‘

অন্যদিকে আলোচনায় রয়েছে ম্যানহাটনের একটি আসনের প্রতিদ্বন্দ্বিতা, যেখানে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতি জ্যাক শ্লসবার্গ প্রার্থী হয়েছেন। তিনি পারিবারিক পরিচিতি ও সামাজিকমাধ্যমে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।

তবে প্রতিদ্বন্দ্বিতায় তাকে কঠিন চ্যালেঞ্জ জানাচ্ছেন স্টেইট অ্যাসেম্বলি সদস্য অ্যালেক্স বোরিস এবং ও মাইকা ল্যাশার। পাশাপাশি আইনজীবী জর্জ কর্নওয়েও এই দৌড়ে রয়েছেন।

শেষ মুহূর্তের প্রচারণায় শ্লসবার্গ সাবেক টক শো উপস্থাপক ডেভিড লেটারম্যানের সঙ্গে সমাবেশ করেন এবং তার মা ক্যারোলিন কেনেডি তার জন্য একটি নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ করেন।

অন্যদিকে মামদানি এখনো এই আসনে কাউকে সমর্থন দেননি।

তিনি আরও তিনটি কংগ্রেস আসনের প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন, যার মধ্যে দুটি বর্তমান ডেমোক্র্যাট সদস্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা। এর মধ্যে একজন হলেন ডারিয়ালিজা আভিলা শেভালিয়ার, যিনি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ঘরানার প্রার্থী হয়ে আদ্রিয়ানো এসপায়াতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে সাবেক নিউইয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড লেন্ডার বর্তমান কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যানকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। এই প্রতিদ্বন্দ্বিতায় প্রগতিশীল রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরেকটি প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী ক্লেয়ার ভালদেজ, ব্রুকলিন বরো প্রেসিডেন্ট অ্যান্টোনিও রেইনোসোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় প্রার্থীই প্রগতিশীল অবস্থান থেকে নির্বাচনী মাঠে লড়ছেন, তবে ভ্যালদেজ নিজেকে মামদানির ঘনিষ্ঠ মিত্র হিসেবে উপস্থাপন করছেন।

নিউ ইয়র্কের এই প্রাইমারি নির্বাচন ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।