দেশজুড়ে কারিগরি ত্রুটির কারণে বিমান পরিবহন সংস্থা ডেল্টা এয়ারলাইনসের ১ হাজার ৬০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, রোববার (২২ নভেম্বর) দেশের বিভিন্ন বিমানবন্দরে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ডেল্টা এয়ারলাইনসের বিমানের ওজন ও ভারসাম্য নির্ণয়ের স্বয়ংক্রিয় ব্যবস্থায় (ওয়েট অ্যান্ড ব্যালান্স সিস্টেম) ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটে।
এ সমস্যায় সবচেয়ে বেশি প্রভাব পড়ে আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে আটলান্টাগামী অন্যান্য বিমানবন্দরের ফ্লাইটও এর প্রভাবে বিলম্বিত হয়।
ডেল্টা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার তাদের প্রায় ৪৯ শতাংশ ফ্লাইট ১৫ মিনিটের বেশি বিলম্বিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্বয়ংক্রিয় ব্যবস্থাটি সচল করার পাশাপাশি কর্মীরা বিকল্প পদ্ধতিতে বিমানের ওজন ও ভারসাম্যসংক্রান্ত হিসাব করে ফ্লাইট পরিচালনার চেষ্টা করেন।
তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ জানিয়েছে, এ বিলম্বের সঙ্গে তাদের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার কোনো সম্পর্ক নেই।
পরে রোববার বিকেলে ডেল্টা জানায়, তাদের ওজন ও ভারসাম্য নির্ণয়ের স্বয়ংক্রিয় ব্যবস্থা আবার স্বাভাবিকভাবে কাজ করছে। এ ছাড়া এ ঘটনায় কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতা ছিল না বলেও নিশ্চিত করেছে সংস্থাটি।
ফ্লাইট বিলম্বে ভোগান্তিতে পড়া যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেল্টা। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের নতুন ফ্লাইটে বুকিং দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেলের ব্যবস্থা করছে বিমান সংস্থাটি। বাতিল হওয়া ফ্লাইটের যেসব যাত্রী আর ভ্রমণ করতে চান না, তাদের অর্থ ফেরত দেওয়ার কথাও জানিয়েছে ডেল্টা।
এদিকে থ্যাংকসগিভিং ছুটিকে সামনে রেখে লাখ লাখ মানুষ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। এমন ব্যস্ত ভ্রমণ মৌসুমের ঠিক আগে এ বিপর্যয় যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়েছে।
চলতি মাসের শুরুতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সরঞ্জাম স্থাপনে ত্রুটির কারণে টেলিযোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। এর জেরে দেশজুড়ে বিমান চলাচলে স্থগিতাদেশ জারি করতে হয়েছিল।