ট্রাম্পের বাড়িতে বন্দুকধারীর প্রবেশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩ ২০২৬, ১:৪৯

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থোনি গুগলিয়েলমি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে বলেন, ‘একজন সশস্ত্র ব্যক্তি মার-এ-লাগোতে বেআইনিভাবে প্রবেশ করায় রোববার সকালের আগে তাকে গুলি করা হয়েছে।‘

ফ্লোরিডা স্টেইটে অবস্থিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোতে অবৈধভাবে প্রবেশ করা এক বন্দুকধারী সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছেন।

ইউএস সিক্রেট সার্ভিস কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থোনি গুগলিয়েলমি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে বলেন, ‘একজন সশস্ত্র ব্যক্তি মার-এ-লাগোতে বেআইনিভাবে প্রবেশ করায় রোববার সকালের আগে তাকে গুলি করা হয়েছে।‘

সিক্রেট সার্ভিসের এক বিবৃতির বরাত দিয়ে এনডিটিভি জানায়, নিহত সন্দেহভাজন ছিলেন ২০ বছর বয়সী তরুণ।

তাকে হত্যার অভিযানে সিক্রেট সার্ভিসের পাশাপাশি পাম বিচ কাউন্টী শেরিফের একজন ডেপুটিও অংশ নেন।

ওই ঘটনার সময় ট্রাম্প বাড়িটিতে উপস্থিত ছিলেন না বলে নিশ্চিত করেছে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।

পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় নিকটাত্মীয়দের অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি খতিয়ে দেখতে যৌথভাবে তদন্ত করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই, সিক্রেট সার্ভিস এবং পাম বিচ কাউন্টি শেরিফ অফিস।

অতীতে একাধিক হত্যাচেষ্টা বা ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হয়েছেন ট্রাম্প।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ৫৯ বছর বয়সী রায়ান রাউথ ফ্লোরিডার একটি গলফ কোর্সে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পান।

একই বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে ২০ বছর বয়সী ম্যাথিউ ক্রুকস গুলি চালালে ট্রাম্পের ডান কান ছুঁয়ে একটি গুলি বেরিয়ে যায়।

তখন ঘটনাস্থলেই হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়।