নিউ ইয়র্ক সিটিতে বিদ্যুৎ বিপর্যয়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩ ২০২৬, ১০:৪৪

নিউ ইয়র্ক সিটিতে বিদ্যুৎ বিপর্যয়
  • 0

নিউ ইয়র্ক সিটিতে চলমান তুষারপাত ও শৈত্যপ্রবাহের মাঝেই ব্রুকলিনের বোয়েরাম হিল ও পার্ক স্লোপ এলাকায় দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২ হাজার কন এডিসন থেকে বিদ্যুৎ সেবা গ্রহণকারী গ্রাহক।

সোমবারও অনেক এলাকায় বিদ্যুৎ ফেরেনি, এবং সংশ্লিষ্ট কোম্পানি জানিয়েছে— বৈরী আবহাওয়াই এই বিপর্যয়ের প্রধান কারণ।
এদিকে থার্ড অ্যাভিনিউতে একাধিক ট্রাফিক লাইট বিকল হয়ে পড়েছে, যার সঙ্গে যুক্ত হয়েছে মেরামতকারী ট্রাকের কারণে সৃষ্ট তীব্র যানজট। কন এডিসন জানায়, ঝড়ের পর জমে থাকা বরফ গলে লবণাক্ত পানি ভূগর্ভস্থ বৈদ্যুতিক সরঞ্জামে ঢুকে সেগুলো ক্ষতিগ্রস্ত করছে। এতে একটির সমস্যা অন্যটিকে প্রভাবিত করে বড় ধরনের বিপর্যয় তৈরি করছে।

চরম ঠান্ডা আবহাওয়া মেরামত কাজকে বিঘ্নিত করে দিচ্ছে। অনেক ম্যানহোল প্রায় পাঁচ ফুট বরফে ঢেকে আছে। তার ওপর তুষারে ঢেকে থাকা গাড়ি অনেক জায়গায় ম্যানহোলের ওপর পার্ক করা, ফলে কর্মীদের প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে।
সমস্যার শুরু শুক্রবার রাতে, যখন অনেক বাসিন্দা আংশিক বিদ্যুৎ বিভ্রাটের কথা জানান—লাইট টিমটিম করা, যন্ত্রপাতি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। সপ্তাহান্তে এসে অনেকেই সম্পূর্ণ বিদ্যুৎ হারান।
বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ ফেরানোর নির্ধারিত সময় এরইমধ্যে চারবার পেছানো হয়েছে। কন এডিসন বলছে, কিছু এলাকায় সোমবার রাতের মধ্যে এবং কিছু এলাকায় মঙ্গলবার রাতের মধ্যে বিদ্যুৎ ফিরতে পারে। তবে কিছু বাসিন্দাকে জানানো হয়েছে, তাদের এলাকায় বুধবার পর্যন্ত সময় লাগতে পারে।
পূর্ণ সেবা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত লোকবল কাজ চালিয়ে যাবে এবং অতিরিক্ত সহায়তায় মোবাইল জেনারেটরও আনা হয়েছে।