গালফের আকাশে আমেরিকার এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি শনিবার (২১ নভেম্বর) নাকচ করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এর আগে শুক্রবার ইরান দাবী করে সন্ধ্যায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং জরুরি অবতরণে বাধ্য হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে হামলা চালায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতে অভিযান বাতিল করে কাছাকাছি একটি বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় বিমানটি।
তবে শনিবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরান গতকাল কোনোভাবেই আমেরিকার এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে অবস্থানরত ইউএস সামরিক বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদ রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ অবগত রয়েছে।
যুদ্ধ চলাকালে এর আগেও ইউএস সামরিক বিমান ভূপাতিত বা ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরান। তবে এসব দাবি নাকচ করেছে ইউএস সামরিক বাহিনী।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইউএস ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এরপর তা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে হাজারো মানুষ নিহত হয়েছেন, ব্যাহত হয়েছে সামুদ্রিক যোগাযোগ এবং বেড়েছে বিশ্ববাজারে জ্বালানির দাম।