২০২৭ সালের হজে বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় নতুন করে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে গত ১৫ নভেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল।
পরবর্তী সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পাশাপাশি সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় নতুন করে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে আগ্রহী হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে বর্ধিত ও অব্যবহৃত কোটা শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ করা হতে পারে।
প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের বাকি অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে তাঁদের প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।