হরমুয প্রণালীতে আবারো অ্যামেরিকান ‘প্রিডেটর’ ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের আইআরজিসি। শনিবার ইরানি গণমাধ্যম জানায়, এদিন কেশম দ্বীপের আকাশসীমায় একটি ‘ইউএস এমকিউ-ওয়ান প্রিডেটর’ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।
আইআরজিসি জানায়, নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়া হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এর আগে শুক্রবারও এমন একটি ড্রোন ভূপাতিত করা হয়েছিল। সব মিলিয়ে এটি ১৭তম ড্রোন ধ্বংসের ঘটনা।
সম্প্রতি সরাসরি সমুদ্র নজরদারিতে ব্যবহৃত একাধিক ইউএস আন্ডার ওয়াটার ড্রোন এবং সার্ফেস ড্রোন ধ্বংস ও অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণ নেয় ইরানি সশস্ত্র বাহিনী। সেসব অভিযানের ফুটেজও প্রকাশ করে আইআরজিসি। যদিও এসবের কোনো ঘটনাতেই ইউএস সেন্ট্রাল কমান্ড কোনো মন্তব্য করেনি।