চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

বাসস

প্রকাশিত: মার্চ ২২ ২০২৬, ১১:৫৭ হালনাগাদ: মার্চ ২২ ২০২৬, ১৭:৫৯

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। ছবি: বাসস

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। ছবি: বাসস

  • 0

ইসরাইল ও অ্যামেরিকার সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথে অচলাবস্থা অব্যাহত থাকায়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ইসরাইল ও অ্যামেরিকার সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথে অচলাবস্থা অব্যাহত থাকায়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার (২২ মার্চ) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট।

এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস-এর দুটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে এয়ার অ্যারাবিয়ার একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ছয়টি অ্যারাইভাল ও চারটি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে বলে জানান তিনি।

এদিকে সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনস-এর শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনও কাটেনি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত মোট ১৬২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।