নিউ ইয়র্ক সিটিতে শীতকালীন ঝড়ের প্রভাবে শুরু হওয়া তীব্র ঠান্ডা আবহাওয়ায় এক নারীসহ ৫জন মারা গেছেন।
আইউইটনেস নিউজ জানায়, শনিবার ম্যানহাটনে ইস্ট থার্টি ফাইভথ স্ট্রিটের কাছে থার্ড অ্যাভিনিউয়ে একজন ও সিক্সটি নাইনথ স্ট্রিটের ফার্স্ট অ্যাভিনিউয়ে অপর একজন লোকের মরদেহ পাওয়া গেছে।
একইদিনে ব্রুকলিনে ভিন্ন দুই স্থানে এক নারী ও একজন পুরুষের মরদেহ পাওয়া গেছে।
কুইন্সের হিলবার্ন অ্যাভিনিউয়ে প্রাণ হারিয়েছেন আরও একজন।
শনিবার সকালে উদ্ধার হওয়া এ ৫ ব্যক্তিকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস।
ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।
সিটিতে আসন্ন শীতকালীন ঝড়ের প্রভাবে আবহাওয়ার তাপমাত্রা কমতে থাকায় শনিবার সতর্কতা জারি করা হয়েছিল। সারাদিনে তাপমাত্রা ছিল ১৩ থেকে ১৯ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত।