সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। কর্তৃপক্ষ বলছে, হামলার পর ক্ষয়ক্ষতির মাত্রা মূল্যায়ন করা হচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের একটি কৌশলগত তেল অবকাঠামো—যা দেশটির পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে লোহিত সাগর উপকূলে তেল পরিবহনের জন্য ব্যবহৃত হয়।
এই পাইপলাইনটি সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পারস্য উপসাগর এড়িয়ে বিকল্প রুটে তেল রপ্তানির সুযোগ করে দেয়।
হামলার ফলে ঠিক কতটা ক্ষতি হয়েছে বা তেল সরবরাহে কতটা প্রভাব পড়েছে—তা এখনো স্পষ্ট নয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত মেরামতের কাজ শুরু করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
এই হামলা এমন এক সময় ঘটলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং অ্যামেরিকা–ইরান সম্পর্ক নতুন করে টানাপোড়েনে তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা মানে শুধু একটি দেশের ওপর আঘাত নয়—
এটি সরাসরি বৈশ্বিক তেলের বাজারের স্থিতিশীলতার ওপর চাপ তৈরি করে।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক সৌদি আরবের এই পাইপলাইন যদি দীর্ঘ সময়ের জন্য ক্ষতিগ্রস্ত থাকে, তাহলে তা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের ঝুঁকি বাড়াতে পারে।
বিশ্লেষকদের মতে,
এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং জ্বালানি নিরাপত্তা এখন আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে।