বাংলাদেশ
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল
ছবি : ভিডিও থেকে নেয়া।
- 0

ছবি : ভিডিও থেকে নেয়া।

প্রকাশিত: নভেম্বর ২৬ ২০২৬, ১৩:৩৩ হালনাগাদ: নভেম্বর ২৬ ২০২৬, ১৩:৩৮
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, জিয়াউল আহসান রাষ্ট্রের দেওয়া ক্ষমতা ও বাহিনীর সদস্যদের নিজের দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করে দায়িত্বের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রসিকিউশনের পক্ষে সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের আইনে একজন ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মামলায় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।”
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের বিচার শুধু কয়েকজন ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করার বিষয় নয়; এটি সমগ্র মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিচার। তার বিরুদ্ধে আনা অভিযোগ বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের পাশাপাশি আন্তর্জাতিক আইনেও মানবতাবিরোধী অপরাধের আওতাভুক্ত।
অ্যাটর্নি জেনারেল বলেন, যে বাহিনীর দায়িত্ব ছিল দেশের মানুষকে রক্ষা করা, সেই বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের বিরুদ্ধে অপরাধে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। মানুষকে তুলে নিয়ে যাওয়া, গোপনে আটক রাখা, নির্যাতন, হত্যা ও মরদেহ গুমের মতো কর্মকাণ্ড যখন বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হয়ে ওঠে, তখন তা মানবতাবিরোধী অপরাধের রূপ নেয়।
তিনি আরও বলেন, এসব অপরাধের প্রভাব শুধু সরাসরি ভুক্তভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। নিখোঁজ ব্যক্তিদের পরিবার বছরের পর বছর অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্যে কাটায়। একজন মা সন্তানের ফেরার অপেক্ষায় থাকেন, সন্তান বাবার খোঁজ পায় না, স্ত্রী জানেন না তার স্বামী জীবিত নাকি মৃত। এমনকি শেষবারের মতো বিদায় জানানো, জানাজা ও দাফনের সুযোগ থেকেও পরিবারগুলো বঞ্চিত হয়।
তার ভাষ্য, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে এ ধরনের অপরাধ পুরো সমাজে আতঙ্ক সৃষ্টি করে, আইনের শাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করে এবং মানবিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে।
মামলার বিচারিক গুরুত্ব তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনালকে নির্ধারণ করতে হবে, বেসামরিক মানুষের বিরুদ্ধে সংঘটিত হত্যা, অপহরণ, গোপন আটক, নির্যাতন ও গুম বৃহত্তর কোনো আক্রমণের অংশ ছিল কি না। এসব ঘটনায় আসামির সরাসরি অংশগ্রহণ, নির্দেশনা, সহায়তা কিংবা অধস্তনদের অপরাধ সম্পর্কে জানার পরও তা প্রতিরোধে ব্যর্থতার বিষয়গুলো সাক্ষ্যপ্রমাণের আলোকে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তাদের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। কোনো পদ, ইউনিফর্ম বা রাষ্ট্রীয় দায়িত্ব কাউকে মানবতাবিরোধী অপরাধের দায় থেকে দায়মুক্তি দিতে পারে না।
জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, সেনাসদস্যদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা জনগণের করের অর্থ থেকে দেওয়া হয়। তাই জনগণের জীবন ও নিরাপত্তা রক্ষা করাই তাদের দায়িত্ব। কিন্তু জিয়াউল আহসান রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজের দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। তার এমন কর্মকাণ্ড দায়িত্বের প্রতি চরম বিশ্বাসঘাতকতা।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই বিচার নিহতদের জীবন ফিরিয়ে দিতে কিংবা নিখোঁজ ব্যক্তিদের পরিবারের হারানো সময় ফিরিয়ে দিতে পারবে না। তবে সত্য প্রতিষ্ঠা এবং ক্ষমতার অপব্যবহার করে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার জন্য বিচার প্রয়োজন।
এর আগে বুধবার মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য তুলে ধরেন। চিফ প্রসিকিউটরের দাবি, জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন সাবেক সেনাপ্রধান। এ কারণে তিনি সেনানিবাসে প্রবেশ করতে পারতেন না।
মামলার প্রথম দিনের যুক্তিতর্কে জিয়াউল আহসানের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস এবং সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি তুলে ধরে প্রসিকিউশন। পাশাপাশি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্যের মাধ্যমে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিষয়গুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নেন। উভয় পক্ষের যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ পর্যায়ে যেতে পারে।
মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
