যুদ্ধ ও এর সঙ্গে সম্পর্কিত নিষেধাজ্ঞার অর্থনৈতিক চাপে ইরানের মুদ্রা রিয়ালের দর আবারও রেকর্ড সর্বনিম্নে নেমেছে। দেশটির মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৩ মিলিয়ন রিয়ালে।
যুদ্ধের সময় ইরানের বন্দরগুলোতে আমেরিকার সামরিক অবরোধের প্রভাব এখনো সামলাতে হচ্ছে তেহরানকে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সরকারি বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলারের দাম প্রায় ১.৯৬ মিলিয়ন রিয়াল। তবে অধিকাংশ ইরানিকে বাজারদরেই ডলার কিনতে হয়।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে ইরানের অর্থনীতি বহু বছর ধরেই সংকটে রয়েছে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় অনেক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে দেশটি কিছুটা স্বস্তি পেয়েছিল। তবে ২০১৮ সালে আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একতরফাভাবে ওই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প ইরানের আর্থিক খাত ও জ্বালানি রপ্তানিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছেন।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)