Skip to main content

প্রথা ভেঙে ব্যক্তিগত কর তথ্যের হিসাব দিবেন রাজা তৃতীয় চার্লস

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২১ ২০২৬, ১৩:৪৯

ব্রিটেইনের রাজা তৃতীয় চার্লস। ছবি: রয়টার্স

ব্রিটেইনের রাজা তৃতীয় চার্লস। ছবি: রয়টার্স

  • 0

ব্রিটিশ আইন অনুযায়ী রাজাদের আয়কর, উত্তরাধিকার কর বা মূলধনী মুনাফা কর দেওয়ার বাধ্যবাধকতা নেই। তবে রাজা চার্লস স্বেচ্ছায় আয়কর এবং ব্যক্তিগত সম্পদ বিক্রির লাভের ওপর মূলধনী মুনাফা কর পরিশোধ করে থাকেন।

ব্রিটেইনের রাজা তৃতীয় চার্লস আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো তার ব্যক্তিগত কর পরিশোধের তথ্য প্রকাশ করতে যাচ্ছেন। দেশটিতে বৃহস্পতিবার প্রকাশিত হতে যাওয়া বার্ষিক রাজকীয় আর্থিক প্রতিবেদনে ২০২৪-২৫ অর্থবছরে তিনি কত কর পরিশোধ করেছেন, সে তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাজপরিবারের আর্থিক বিষয়গুলোতে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাসাদ সূত্রের দাবি, ব্যক্তিগত করের তথ্য প্রকাশের সিদ্ধান্তটি স্বয়ং রাজা চার্লসের উদ্যোগে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে ডাচি অব ল্যাঙ্কাস্টার থেকে অর্জিত মুনাফা, ব্যক্তিগত বিনিয়োগ এবং স্যান্ড্রিংহাম ও বালমোরালের মতো ব্যক্তিগত এস্টেট থেকে প্রাপ্ত আয়ের ওপর পরিশোধ করা করের তথ্য প্রকাশ করা হবে। গত বছর ডাচি অব ল্যাঙ্কাস্টার থেকে প্রায় ২ কোটি ৪০ লাখ পাউন্ড মুনাফা হয়েছিল, যা রাজার ব্যক্তিগত আয়ের অন্যতম প্রধান উৎস।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, ব্রিটিশ আইন অনুযায়ী রাজাদের আয়কর, উত্তরাধিকার কর বা মূলধনী মুনাফা কর দেওয়ার বাধ্যবাধকতা নেই। তবে রাজা চার্লস স্বেচ্ছায় আয়কর এবং ব্যক্তিগত সম্পদ বিক্রির লাভের ওপর মূলধনী মুনাফা কর পরিশোধ করে থাকেন। এবার প্রথমবারের মতো তার মোট কর পরিশোধের পরিমাণ জনসমক্ষে প্রকাশ করা হবে।

রাজপরিবারের আর্থিক কার্যক্রম নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে স্বচ্ছতার দাবি জোরালো হয়েছে। বিশেষ করে রাজার ভাই অ্যান্ড্রুকে ঘিরে বিভিন্ন বিতর্কের পর সংসদ সদস্যসহ বিভিন্ন মহল রাজপরিবারের আর্থিক লেনদেন সম্পর্কে আরও খোলামেলা তথ্য প্রকাশের আহ্বান জানায়।

বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বলেন, রাজপরিবারের অর্থায়নের বিভিন্ন দিক আরও স্পষ্ট ও সহজবোধ্যভাবে জনগণের সামনে তুলে ধরাই তাদের লক্ষ্য। ব্যক্তিগত করের তথ্য প্রকাশ সেই স্বচ্ছতাকে আরও জোরদার করবে।