ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই শত্রুর যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আয়াতুল্লাহ মোজতবা খামেনি। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে এক জরুরি বৈঠকে ট্রাম্প প্রশাসনের ক্রমাগত হুমকির জবাবে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠকে ইরানি সর্বোচ্চ নেতা বলেন, বুদ্ধিদীপ্ত যুদ্ধ প্রস্তুতিই সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা অর্জনের মৌলিক পূর্বশর্ত। যুদ্ধাবস্থার মাঝেই সর্বোচ্চ নেতা মনোনিত হলেও এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি মোজতবা খামেনি। তবে সম্প্রতি সামরিক কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। বিশেষ করে নিজের সামরিক উপদেষ্টা মোহসেন রেযাই তার সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করেন বলেও দাবি ইরানি গণমাধ্যমের।
সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে এক চিঠির মাধ্যমে দুই দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পুনরায় আলোচনার আহ্বান জানান। এরপরই কাতারের মধ্যস্ততায় নতুন করে আলোচনার উদ্যোগ নেয়া হয়। তেহরান-ওয়াশিংটনের এই কূটনৈতিক আলোচনার মাঝেই এমন নির্দেশনা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা।