জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে আন্তর্জাতিক সংস্থাটির প্রতি পুনরায় আস্থা ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত অধিবেশনে সকাল সাড়ে ৯ টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা) উদ্বোধনী বক্তব্য রাখেন খলিলুর রহমান।
বক্তব্যের শুরুতে ফিলিস্তিন, ইউক্রেন, সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব যুদ্ধের দীর্ঘদিন ধরে সমাধান না হওয়া এবং বিশ্বশান্তি বজায় না থাকা জাতিসংঘকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
এবারের অধিবেশনের প্রতিপাদ্য উল্লেখ করে তিনি বলেন, আমাদের এখন জাতিসংঘের ওপর আস্থা ফিরিয়ে আনাই মূল লক্ষ্য হতে হবে। এ সময় আস্থা পুনস্থাপন করতে তিনটি জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।
পদক্ষেপগুলো হলো জাতিসংঘ কোথায় পিছিয়ে পড়েছে তা দ্বিধাহীনভাবে চিহ্নিত করা, এখন পর্যন্ত জাতিসংঘে যেসব সংস্কার হয়েছে তা পর্যালোচনা করা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সব ধরনের কাজে সমাজের সর্বস্তরের মানুষকে যুক্ত করা।
একইসঙ্গে, নিরাপত্তা পরিষদকে আরও স্বচ্ছ পদক্ষেপ এবং বৈষম্যের শিকার অঞ্চলগুলো থেকে প্রতিনিধি তৈরি করতেও আহ্বান জানান তিনি।
এছাড়া, বাংলাদেশে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের একটানা কাজ করে যাওয়া, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে মানবিক সহায়তা প্রদান করে যাওয়ায় সংস্থাটির প্রশংসাও করেন তিনি।