বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবসের গৃহীত কর্মসূচি স্থগিত করেছে দলটি।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার দুপুর আড়াইটার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এই স্থগিতের কথা আপনাদের জানালাম। কারণ, আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল সারা বাংলাদেশে, বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টারে।
‘আমাদের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেখানে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেখান থেকে শুরু হতো। আগামীকাল এই রোড শো করে বিভিন্ন বিভাগে এসে একটি সভা হতো। সেই সভার পর আবারও তার পরদিন রোড শো করে আরেকটি বিভাগীয় শহরে সেই সভাটি হতো।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণেই এই মশাল রোড শো কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান রিজভী।
খালেদা জিয়ার সুস্থতার জন্য এ সময় তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান।
এর আগে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।
এর মধ্যে ছিল সারা দেশে ‘বিজয় মশাল রোড শো’এবং ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল সমাবেশ। পাশাপাশি ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আলোচনা ও অন্যান্য অনুষ্ঠান।
মেডিক্যাল বোর্ডের পরামর্শে গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করে খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়ে।
আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়ে যায়। বর্তমানে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সিসিইউতে তার চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।