বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমন বাস্তবতায় সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
নয়াপল্টন সেন্ট্রাল জামে মসজিদে জুমার নামাজ পরবর্তী বিশেষ প্রার্থনার পর ফখরুল সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে দলীয় প্রধানের স্বাস্থ্যের অবস্থা তুলে ধরেন।
‘গত (বৃহস্পতিবার) রাতে চিকিৎসকরা জানিয়েছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’, বলেন ফখরুল।
গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম এবং কারাবরণের বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যাতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসতে পারেন এবং তাদের সেবা চালিয়ে যেতে পারেন।’
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী জুমার নামাজের পর বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।
তিনি হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণসহ নিউমোনিয়ায় আক্রান্ত।
হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানীয় ও বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন।