হরমুজ প্রণালিতে সোমবার থেকে শুরু হওয়া অ্যামেরিকান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সামাজিক মাধ্যমের এক পোস্টে মঙ্গলবার এ ঘোষণা দেন ট্রাম্প।
ওই পোস্টে প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের বিরুদ্ধে অভিযান চলাকালীন আমরা দারুণ সামরিক সফলতা অর্জন করেছি এবং ইরানের প্রতিনিধিদের সঙ্গে যুদ্ধ বন্ধে পরিপূর্ণ ও চূড়ান্ত চুক্তি সম্পন্নের পথে বড় ধরনের অগ্রগতি হয়েছে।
‘এ পরিস্থিতিতে উভয় পক্ষ সম্মত হয়েছি যে, চূড়ান্তভাবে চুক্তি স্বাক্ষর করা যাবে কিনা, তা পর্যবেক্ষণ করতে হরমুজ প্রণালিতে অবরোধ চলাকালীন প্রজেক্ট ফ্রিডম অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হবে।’
ট্রাম্প আরও জানান, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও একাধিক দেশের অনুরোধে সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ইউএস স্টেইট সেক্রেটারি মার্কো রুবিও নতুন এ অভিযানকে যুদ্ধের পরবর্তী ধাপ হিসেবে অভিহিত করার কয়েক ঘণ্টা পর, এ স্থগিতাদেশ দেন ট্রাম্প।
এর আগে যুদ্ধে জড়িত নয় এমন দেশগুলোর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে সোমবার থেকে সামরিক উদ্যোগ চালু করেন ট্রাম্প।
তবে সঙ্গে সঙ্গে হরমুজে অ্যামেরিকান বাহিনীর নতুন উদ্যোগের বিরোধিতা জানায় ইরান।
এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি জাহাজ আক্রমণের দাবি জানায়, যা তখন যুদ্ধবিরতি ভাঙার শঙ্কা তৈরি করে।