সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগর উপকূলে অবস্থিত রাবিঘ তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী। দেশটির জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে হুথিদের হামলার দাবির খবরটি প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী রোববার এক বিবৃতিতে হুথিরা জানায়, তারা শোধনাগারটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। হামলায় স্থাপনাটিতে সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা শোধনাগারটির কার্যক্রম ব্যাহত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।
এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
জেদ্দা থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত রাবিঘ ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে রয়েছে পেট্রো রাবিঘ। সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই স্থাপনাটি সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল কেন্দ্রগুলোর একটি, যার গভীর সমুদ্রে রপ্তানি সুবিধাও রয়েছে।
সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার দাবির মধ্যেই সর্বশেষ এই ঘটনা সামনে এলো। সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের বিভিন্ন তেল শোধনাগার, পাইপলাইন ও কৌশলগত স্থাপনায় হামলার দাবি করে আসছে গোষ্ঠীটি।
এর আগে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত জাজান রিফাইনারি এবং দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা রিফাইনারিকে লক্ষ্য করে হামলার দাবি জানিয়েছিল হুথিরা। সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট অয়েল পাইপলাইনেও হামলার দায় স্বীকার করেছে তারা।
তবে এসব হামলার বেশ কয়েকটির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এদিকে, ইয়েমেনে হুথি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দীর্ঘদিনের আপেক্ষিক শান্ত পরিস্থিতির অবসান ঘটিয়ে জুলাই থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়েছে।
হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযান জোরদার করেছে। অন্যদিকে, ইয়েমেনের মিত্র বাহিনীকে সমর্থন দিতে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়েছে সৌদি আরব।