আয়ারল্যান্ডে বর্ণবাদী আক্রমণের সবশেষ শিকার হলো ছয় বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত নিয়া নবীন।
দক্ষিণ-পূর্ব আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ড সিটিতে বাড়ির বাইরে খেলার সময় হামলার শিকার হয় ছোট্ট নিয়া। সোমবার ১২ থেকে ১৪ বছর বয়সি একদল শিশু তার ওপর হামলা করে। এসময় তারা নিয়াকে 'নোংরা' আখ্যা দিয়ে ভারতে ফিরে যেতে বলে।
নিয়ার মা অনুপা আচুথান আইরিশ মিররকে জানিয়েছেন, ওই শিশুরা তার মেয়ের মুখে ঘুষি মারে, সাইকেল দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করে, তার ঘাড়ে ঘুষি মারে এবং তার চুল পেঁচিয়ে ধরে।
অনুপা জানান, ঘটনার আকস্মিকতায় নিয়া প্রচন্ড ভয় পেয়েছে। ভয়ে সে কথা বলতে পারছে না। তার এক বান্ধবীর কাছ থেকে তিনি জানতে পারেন, বয়সে বড় ছেলেদের একটি দল সাইকেল দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেছে এবং তাদের মধ্যে পাঁচজন তার মুখে ঘুষি মেরেছে।
ঘটনাটি নিয়ে গার্ডাই (আইরিশ পুলিশ) এর কাছে অভিযোগ জানিয়েছেন অনুপা। তবে তিনি বাচ্চাদের শাস্তি চান না তিনি তাদের কাউন্সেলিং করার দাবি জানান।
অনুপা বলেন, ‘আমি চাই না তারা শাস্তি পাক, আমি চাই তারা কাউন্সেলিং করুক। তাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। আমি স্বীকার করি যে তারা শিশু, তবে তাদের জানতে হবে কিভাবে অন্য বাচ্চাদের সাথে ভালো আচরণ করতে হয়।’
কেরালার কোট্টায়ামের বাসিন্দা অনুপা আচুথান পেশায় একজন নার্স। তিনি তার স্বামীর সাথে আট বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন এবং সম্প্রতি আইরিশ নাগরিকত্ব পেয়েছেন। পরিবারটি জানুয়ারিতে এই বাড়িতে ওঠেন।
আয়ারল্যান্ডে ভারতীয় বংশোদ্ভূতদের ওপর বর্ণবাদী আক্রমণ ক্রমেই বাড়ছে। ক্রমবর্ধমান বর্ণবাদী আক্রমণের পরিপ্রেক্ষিতে ডাবলিনের ভারতীয় দূতাবাস একটি বিবৃতি জারি করে ভারতীয় নাগরিকদের সেদেশে থাকার বিষয়ে সতর্ক করেছে।