প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে অ্যামেরিকা আগামী পহেলা জানুয়ারির পর ‘কী ঘটে তা দেখবে। তবে নির্দিষ্ট এই তারিখের তাৎপর্য কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদারের হুমকি দেওয়ার পাশাপাশি সংঘাত প্রশমনেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে দুই দেশের মধ্যে এখনো অচলাবস্থা বিরাজ করছে।
চীন সফরকালে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সামনে নতুন বছর আসছে। ১ জানুয়ারির পর কী ঘটে, তা আমরা দেখব।“ এসময় ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তবে তারা বেশ খারাপ আচরণ করেছে।”
সাক্ষাৎকারে তাঁকে সিএনএনের চলতি সপ্তাহের একটি প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করছে ইরান।
সাক্ষাৎকারে ট্রাম্পকে ‘ডার্টি বোমা’ ও রাসায়নিক হামলার গুঞ্জন বিষয়ে প্রশ্ন করা হলে ওয়াশিংটনের বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার মতো কিছু আছে কি না—তা নাকচ করে দিয়ে তিনি বলেন, "আমার তা মনে হয় না।"
ডার্টি বোমা হলো এমন এক ধরনের অস্ত্র, যেখানে প্রচলিত বিস্ফোরকের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়া হয়।
তবে বিস্তারিত তথ্য না দিয়েই ট্রাম্প দাবি করেন, ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির বিষয়টি বিবেচনা করছে বলে কিছু ইঙ্গিত পাওয়া গেছে।
তিনি বলেন, “ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইরান গ্যাস ও জীবাণু অস্ত্রের দিকে নজর দিচ্ছে। কারণ, আমরা তাদের পারমাণবিক কর্মসূচির পথ বন্ধ করে দিয়েছি। পারমাণবিক অস্ত্র তৈরি করা অনেক কঠিন। এখন তারা গ্যাস ও জীবাণু অস্ত্রের দিকে নজর দিচ্ছে, যা মোটেও ভালো কিছু নয়। পাশাপাশি তারা অন্যান্য বিষয় নিয়েও ভাবছে।”
এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনের ওই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছিলেন।
ইসরায়েল, অ্যামেরিকাসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে সামরিক হামলা শুরু করার সময় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাকে অন্যতম প্রধান যুক্তি হিসেবে তুলে ধরেছিলেন ট্রাম্প।
এদিকে ইসরায়েলের দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, গত দুই সপ্তাহে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং রাসায়নিক অস্ত্র তৈরির তৎপরতা নিয়ে অ্যামেরিকার কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে ইসরায়েল।
সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান অ্যামেরিকা সফর করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই সফরে তিনি ইরানের বিরুদ্ধে অ্যামেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা পুনরায় শুরু করার পক্ষে অবস্থান তুলে ধরেন।
এদিকে বুধবার সিএনএনের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, ওয়াশিংটনের জন্য ইরানের পক্ষ থেকে কোনো আসন্ন হুমকি রয়েছে বলে তিনি মনে করেন না।