নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের ফুটপাত থেকে ছয় বছরের এক শিশুকে অপহরণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার রাতে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বাহিনীটির বরাতে অ্যাম নিউ ইয়র্ক জানায়, কোনি আইল্যান্ডের ব্যস্ত দুই রাজপথ স্টিলওয়েল ও সার্ফ অ্যাভিনিউর মোড় সংলগ্ন ফুটপাতে রবিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে ছিল শিশুটি। ওই সময় এক আগন্তুক তাদের কাছে এসে শিশুটিকে তুলে নেয় বলে অভিযোগ করেন তার মা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলের আশপাশে থাকা ৬০তম থানার কর্মকর্তাদের হাতে রাত সাড়ে ৯টার দিকে আটক হন সন্দেহভাজন। এর আগেই শিশুকে ছেড়ে দেন তিনি।
পুলিশ জানায়, শিশুটিকে কোনি আইল্যান্ড হসপিটালে নেওয়া হয়, যেখানে তার অবস্থা স্থিতিশীল ছিল।
সন্দেহভাজন পুলিশি হেফাজতে থাকলেও সোমবার বিকেল নাগাদ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত চলমান।