নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা খুঁজতে রাতভর উদ্ধার অভিযান চালিয়েছেন ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় একটি নির্মাণস্থলের পাশে ভবনটি ধসে পড়ে। এতে আশপাশের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় ভবনটিতে বাসিন্দারা ছিলেন। পাশের নির্মাণস্থলে খননকাজও চলছিল।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ছয়জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। আহত ১৭ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকাজে প্রায় ২৫০ জন এফডিএনওয়াই ও এনওয়আইপিডির সদস্য অংশ নিয়েছেন।
নিউইয়র্কের মেয়র যোরান মামদানি জানান, ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এ কাজে ড্রোন, প্রশিক্ষিত কুকুর, পাওয়ার টুল ও ভারী সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচ থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন এক নারী, যাকে ধ্বংসস্তূপের ভেতরে তৈরি হওয়া একটি গর্ত থেকে জীবিত অবস্থায় বের করে আনেন উদ্ধারকর্মীরা।
নিউইয়র্ক সিটির বিল্ডিংস কমিশনার আহমেদ তিগানি জানান, ভবনটির পাশের একটি খালি জায়গায় নতুন ভবন নির্মাণের জন্য খননকাজ চলছিল। ধসে পড়া ভবনের বেশির ভাগ ধ্বংসাবশেষ ওই নির্মাণস্থলের গর্তে গিয়ে পড়ে। তবে খননকাজের সঙ্গে ভবন ধসের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় পাশের আরেকটি ভবনের দেয়ালও ভেঙে গেছে। এতে ভবনটির ভেতরের কক্ষগুলো বাইরে থেকে দৃশ্যমান হয়ে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট ভবন ও নির্মাণস্থলের অবস্থা পরীক্ষা করছেন তদন্তকারীরা।
এদিকে, উদ্ধার অভিযান চলাকালে ভবনটির ধ্বংসাবশেষে নতুন করে ধসের আশঙ্কা থাকায় সতর্কতা অবলম্বন করছেন উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস ও সিবিএস নিউজ।