Skip to main content

মারা গেছেন সংগীতের নক্ষত্র আশা ভোঁসলে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২ ২০২৬, ১৪:০৫ হালনাগাদ: এপ্রিল ১২ ২০২৬, ১৯:১০

প্রয়াত সংগীতশিল্পী আশা ভোঁসলে। ছবি: এনডিটিভি

প্রয়াত সংগীতশিল্পী আশা ভোঁসলে। ছবি: এনডিটিভি

  • 0

আজ(রোববার) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা গেছেন।

কিংবদন্তি ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। আজ(রোববার) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আশা ভোঁসলেকে।

তার নাতনি জানান, চরম ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

আশা ভোঁসলে আট দশকের দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ‘পিয়া তু আব তো আজা’, ‘কাজরা মোহাব্বত ওয়ালা’, ‘রঙ্গিলা রে’ ও ‘দিল চিজ কিয়া হ্যায়’সহ তাঁর গাওয়া বহু গান শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। চলতি বছরের ৮ সেপ্টেম্বর তাঁর ৯৩তম জন্মদিন হওয়ার কথা ছিল।

মাত্র ১০ বছর বয়সে চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে সংগীতজীবন শুরু করেছিলেন তিনি। শুরুতে নাচের গানে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে গজল ও শাস্ত্রীয় সংগীতেও নিজের দক্ষতা প্রমাণ করেন।

আশা ভোঁসলে ছিলেন আরেক কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ছোট বোন। তাদের পরিবার ভারতীয় সংগীতজগতে বিশেষভাবে সমাদৃত।

ক্যারিয়ারে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম বিভূষণ লাভ করেন। এছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।

ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন আশা ভোঁসলে। প্রথম বিবাহ বিচ্ছেদের পর পরবর্তীতে সংগীত পরিচালক আর ডি বর্মণকে বিয়ে করেন। জীবনের শেষদিকে তিনি দুই সন্তানকে হারান।

সংগীতপ্রেমীদের কাছে আশা ভোঁসলের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।