৪ বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে বুধবার (২৫ নভেম্বর) এ হিসাব প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। বেলারুশের হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস বিওয়াই এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রোর সাইবার হামলার পর এসব তথ্য বিবিসি রাশিয়ানের হাতে আসে।
বিবিসি রাশিয়ান ও স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা নিজেদের সংগ্রহ করা রুশ সেনাদের মৃত্যুর তালিকার সঙ্গে রসস্ট্যাটের তথ্য মিলিয়ে দেখেছে। এতে ৯০ শতাংশ তথ্যের মিল পাওয়া গেছে।
বিবিসির নিজস্ব তালিকায় বিভিন্ন সরকারি প্রতিবেদন, সামাজিকমাধ্যম, স্মৃতিসৌধ ও কবরের তথ্যের ভিত্তিতে ২ লাখ ৯০ হাজার ১২ জন রুশ সেনার মৃত্যুর তথ্য রয়েছে।
সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই তালিকা প্রকৃত মৃত্যুর ৪৫ থেকে ৫৫ শতাংশের হিসাব দিতে পারে। সে হিসাবে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার প্রকৃত সংখ্যা ৫ লাখ ২৭ হাজার থেকে ৬ লাখ ৪৪ হাজারের বেশি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুদ্ধে নিহত রাশিয়ার ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ৬৫ শতাংশের মৃত্যু হয়েছে যুদ্ধের কারণে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ৫৯ শতাংশ। শুধু ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে হৃদ্রোগ ও রক্তনালির রোগে মৃত্যুর সংখ্যা যুদ্ধের কারণে মৃত্যুর চেয়ে বেশি।
রুশ সেনাদের মৃত্যুর সংখ্যা নিয়ে মস্কো কখনো আনুষ্ঠানিক কোনো হিসাব প্রকাশ করেনি। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটও দুই বছর আগে বাহ্যিক কারণে মৃত্যুর তথ্য প্রকাশ বন্ধ করে দেয়।
অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার হতাহতের বিষয়ে কেবল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যই বিবেচনায় নেওয়া উচিত। তবে মন্ত্রণালয় কয়েক বছর ধরে এ বিষয়ে কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি।