নিউ ইয়র্কে ২৩ মে থেকে শুরু হতে যাচ্ছে ৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলা।
মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলা হবে লেখক, পাঠক ও সংস্কৃতিমনাদের মিলনমেলা।
এ দেশে বড় হওয়া শিশুদের সঙ্গে বাংলা বইয়ের সংযোগ ঘটানোই এই মেলার উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
কুইন্সের জ্যাকসন হাইটসে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
ওই সময় উপস্থিত ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশ্বজিৎ সাহা, নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক রোকেয়া হায়দার ও ড. নজরুল ইসলাম, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. জিয়াউদ্দীন আহমেদসহ আয়োজন সংশ্লিষ্টরা।
অতিথি কারা
জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত চার দিনব্যাপী এ বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘ব্লকেড’ খ্যাত অ্যামেরিকান বন্ধু ফিলিস টেইলর। বিশেষ অতিথি হিসেবে থাকছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সিতারা বেগম।
মেলা উদ্বোধন করবেন বর্তমানের জনপ্রিয় কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন।
থাকছে যেসব আয়োজন
এ বইমেলায় অংশ নিচ্ছেন বাংলাদেশ ও অ্যামেরিকার স্বনামধন্য লেখক, কবি, সাংবাদিক ও প্রকাশকরা।
মেলার আয়োজনের মধ্যে থাকছে লেখক-পাঠক আড্ডা, কবিতা পাঠ, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষা আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী।
তরুণদের অংশগ্রহণ নিয়ে আশাবাদ
মেলায় এ দেশের তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আশাবাদী আয়োজকরা।
বিশিষ্টজনরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, এ দেশে বড় হওয়া শিশুদের সঙ্গে বাংলা বইয়ের সংযোগ স্থাপন না করলে অদূর ভবিষ্যতে বইমেলার ঐতিহ্য হারাতে পারে।
এ ক্ষেত্রে অভিভাবকদের আরও নিবিড় ও জাগ্রত হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।