মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ট্রাম্প লেখেন, “ইরানি দেশপ্রেমিকরা, আন্দোলন চালিয়ে যান—আপনাদের প্রতিষ্ঠানগুলো দখলে নিন।” তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের হত্যার সঙ্গে জড়িতদের নাম সংরক্ষণ করতে হবে এবং তারা “বড় মূল্য দেবে।”
ট্রাম্প জানান, ইরানে বিক্ষোভ দমনে “অযৌক্তিক হত্যাকাণ্ড” বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। তিনি বলেন, “সহায়তা আসছে।”
বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইরানি কর্তৃপক্ষ অন্তত হাজারের উপর বিক্ষোভকারীকে হত্যা করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। রয়টার্স ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিহতের সংখ্যা প্রায় দুই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে। আরও বহু মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ইরান দাবি করেছিল, বিক্ষোভ চলাকালেও তারা অ্যামেরিকার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছিল।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, কূটনীতি এখনও ট্রাম্পের প্রথম পছন্দ, তবে প্রয়োজনে সামরিক বিকল্প ব্যবহারে তিনি পিছপা নন।
ইরানের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে।